ইরাকিদের নিয়ে মার্কিন প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য নয়: গেটস
ইরাকি রাজনৈতিক নেতাদের দেশ পুনর্গঠন প্রক্রিয়া জোরদার করার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, দেশটিতে মার্কিন সেনার অবস্থান ও সহযোগিতার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য নয়।
গত ফেব্রুয়ারিতে বাগদাদে ইরাক-মার্কিন যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরুর পর রবার্ট গেটস বৃহস্পতিবার বাগদাদে আকস্মিক সফরে যান। ভয়াবহ কয়েক দফা গাড়িবোমা হামলায় প্রায় ২০০ ইরাকির প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই গেটস বাগদাদ সফর করেন।
তিনি বলেন, শিয়া-সুন্নি দাঙ্গা বন্ধের উপায় হিসেবে ইরাকি পার্লামেন্টে দ্রুত ব্যবস্থা নেবে-ওয়াশিংটন এমনটাই দেখতে চায়।
ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি এবং সহযোগিতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ইরাকিদের মনে রাখতে হবে যে... ওয়াশিংটনের দেওয়া প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য নয়।”
গেটস ইরাকি প্রধানমন্ত্রী নুরী আল-মালিকির সঙ্গে বৈঠকে তেল থেকে অর্জিত আয় ভাগাভাগি করে নেওয়া সংক্রান্ত আইন এবং সাদ্দাম হোসেনে বাথ পার্টির হাজার হাজার সদস্যকে জনজীবনে ফিরে আসা সংক্রান্ত আইন অনুমোদনের জন্য চাপ দেন।
এর আগে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বাগদাদে রওনা হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, “আশা করি তারা দ্রুত এসব আইন অনুমোদন করার গুরুত্ব অনুধাবন করবেন।”
গেটস ইরাকে মার্কিন বহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসকে নিয়ে বাগদাদের পশ্চিমে ফালুজা শহরে যান তার দেশের সেনাদের সঙ্গে দেখা করতে।
