সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আকস্মিক বৃদ্ধিতে হুমকিগ্রস্ত হবে ১০০ কোটির বেশি মানুষ
সমুদ্রপৃষ্ঠের আকস্মিক উচ্চতা বৃদ্ধি হুমকিগ্রস্ত করবে নিচুভূমিতে বসবাসকারী ১০০ কোটির বেশি মানুষকে, যার নেতিবাচক প্রভাব হবে ২০০৪ সালে এশিয়ায় সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের মতোই।
বৃহস্পতিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের একটি দলের প্রকাশিত এক নতুন গবেষণায় এমন সতর্কবার্তাই শোনানো হয়েছে।
গবেষকরা জানাচ্ছেন, পৃথিবীর ম্যাপিঙের নতুন কৌশল থেকে দেখা গেছে সমুদ্রপৃষ্ঠের আকস্মিক উচ্চতা দ্রুত বৃদ্ধির ফলে কতো পরিমাণ ভূমি সমুদ্রগর্ভে হারিয়ে যাবে এবং কতো মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া, এর ফলে প্রায়ই ঝড়ঝঞ্ঝা ও ভূমিকম্পের সৃষ্টি হবে।
জরিপ দলের নেতা ই লিন উসেরি জানান, পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ মানুষ সমুদ্রপৃষ্ঠের ১০০ ফুটেরও কম উচ্চতায় বসবাস করেন। ভারত মহাসাগরে ২০০৪ সালে সুনামির সময় সমুদ্রের জল সর্বোচ্চ ওই উচ্চতায় পৌঁছে এবং এতে দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
মার্কিন ভূগোলবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ আমেরিকান এর এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা যেসব এলাকার কথা বলছি সেগুলো ভয়াবহ দুর্যোগের হুমকির মুখে রয়েছে।”
“বাস্তবতা হলো, বহু মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে ওই উচ্চতায় বাস করেন এবং সম্ভবত আরও অনেক মানুষ হুমকিগ্রস্ত হতে পারেন।”
জরিপ দলটি আরও জানায়, তাদের গবেষণায় দেখা গেছে সমুদ্রপৃষ্ঠ ১০০ ফুট বেড়ে গেলে পৃথিবীর ৩৭ লাখ বর্গমাইল এলাকা পানিতে তলিয়ে যাবে। সমুদ্রপৃষ্ঠ মাত্র ১৬ ফুট বাড়লেই তলিয়ে যাবে ২০ লাখ বর্গমাইল এলাকা, ক্ষতিগ্রস্ত হবে প্রায় ৬৭ কোটি মানুষ।
সমুদ্রপৃষ্ঠ বর্তমানে প্রতি বছর শূন্য দশমিক শূন্য চার থেকে শূন্য দশমিক শূন্য আট বা এক থেকে দুই মিলিমিটার করে বাড়ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের আকস্মিক উচ্চতা বৃদ্ধির মতো ঘটনা সহসা নাও ঘটতে পারে বলে আস্বস্ত করেছেন উসেরি।
তবে তিনি বলেন, ১০ হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠ ৫০০ বছরে ৬৭ ফুট বেড়ে গিয়েছিল, যার বি¯তৃতি ছিল স্বাভাবিকের চেয়ে কম। এর কারণ ছিল মহাদেশীয় বরফের আস্তর ধসে পড়া।
“ঐতিহাসিক তথ্য বিবেচনায় নিলে আমরা দেখবো, এটা কম সময়েও ঘটতে পারে।”
তার মতে, এ চেয়েও গুরুত্বপূর্ণ হলো পৃথিবীর ম্যাপিঙের নতুন কৌশল থেকে যেসব সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে তা আগে জানা ছিল না। এর ফলে নীতিনির্ধারকরা সম্ভাব্য দুর্যোগ এড়াতে প্রস্তুতি নেওয়ার মতো তথ্য হাতে পাবেন। কম্পিউটারের ক্লিক করলেই গবেষকরা বুঝতে পারবেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতোটা বাড়লে কোথায় কতোটা পানিতে জমি তলিয়ে যাবে।
জরিপ দলটি নিজস্ব ম্যাপিঙের প্রজেকশন সফটওয়্যার তৈরি করেছে এবং এতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের জনসংখ্যা, ভূমির ধরন ও উচ্চতা সংক্রান্ত তথ্য ব্যবহার করেছে।
উসেরি বলেন, “এসব তথ্যের ভিত্তিতে বিশ্বের যেকোনো দেশ দুর্যোগ প্রস্তুতিমূলক পরিকল্পনা গ্রহণ করতে পারে।”
তিনি বলেন, ২০০৪ সালে সুনামি ও ২০০৫ সালে হ্যারিকেন কাটরিনা আঘাত হানার পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে নিচু ভূমিতে বসবাসকারী মানুষজনের ওপর এর কী প্রভাব পড়বে তা নিয়ে গবেষণার গুরুত্ব বোঝা যায়।
“মানুষ জানে নেদারল্যান্ডস কিংবা এশিয়ার অনেক নিচু এলাকা বন্যায় ডুবে যাবে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না তারা কতো বড় হুমকির মুখে রয়েছেন।”
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন, “১০০ ফুট পানির তলে ডুবে গেলে ফ্লোরিডার ক্ষুদ্রতম একটি অংশই কেবল টিকে থাকবে।”
