আগামী মাসে ইরাক পরিকল্পনা প্রকাশ করবে জাতিসংঘ
ইরাক পুনর্গঠনে এবং দেশটির সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন লাভের চেষ্টায় আগামী মাসে একটি পরিকল্পনা প্রকাশ করা হবে। ইরাক সরকার ও জাতিসংঘ যৌথভাবে এ পরিকল্পনা প্রকাশ করবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব বান কি-মুন।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট মিশেলিন ক্যালমি-রের সঙ্গে এক বৈঠকের পর মুন সাংবাদিকদের একথা জানান। ৩ মে মিশরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে এ পরিকল্পনার কথা প্রকাশ করবেন তিনি।
এরপর ধনী কয়েকটি দেশসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের মুন বলেন, “আমি আশা করি এ দুটি আন্তর্জাতিক ঘটনা ইরাক সরকারকে শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ইরাকের স্বাস্থ্য, সামাজিক ও অবকাঠামোগত খাতসহ বিভিন্ন খাত পুনর্গঠনে এবং দেশটির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতায় আন্তর্জাতিক সহায়তা পেতে ওই পরিকল্পনা প্রণীত হচ্ছে।
মুন বলেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে সেখানে বড় আকারে জাতিসংঘ সেনাদের উপস্থিতির বিষয়টি ঠিক করা হবে।
তিনি আরও বলেন, “আমি নিজেসহ বিশ্বের অনেকেই ইরাকের অস্থিতিশীলতা ও চলমান সহিংসতা নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন।”
মাঠপর্যায়ে পরিস্থিতি অনুকূলে না হওয়ায় জাতিসংঘ সেখানে সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না বলে তিনি জানান।
