২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুল্লি বন্ধের পরিবর্তে উ কোরিয়াকে চাল পাঠাবে সউল

উত্তর কোরিয়াকে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধের আহ্বান জানিয়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া বলেছে, এর পরিবর্তে দেশটিতে চাল পাঠানো হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ছয়জাতি চুক্তি অনুসারে গত শনিবার উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা বন্ধের কাজ শুরু করার কথা ছিল। তবে দেশটি ওই সময়সীমা মানতে ব্যর্থ হয়।

দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দেশটিকে অবিলম্বে এ কাজ শুরুর আনুষ্ঠানিক আহ্বান জানাচ্ছে বৃহস্পতিবার। পিয়ংইয়ঙে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আলোচনায় বসার কিছুক্ষণ আগে এ সংক্রান্ত একটি ভাষ্য প্রচার করেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান উপঅর্থমন্ত্রী চিন ডং-সু। এতে তিনি বলেন, “১৩ ফেব্রুয়ারি সম্পাদিত ছয়জাতি চুক্তির দ্রুত বাস্তবায়ন আন্তঃকোরীয় অর্থনৈতিক সহযোগিতা প্রশ্নে শক্ত আন্তর্জাতিক সমর্থন লাভের পথ সুগম করবে।”

এদিকে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, সুনির্দিষ্ট কারণ না দেখিয়েই সরকার দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা পিছিয়ে দিয়েছে। এ ব্যাপারে ডং-সু তাদের সঙ্গে কথা বলবেন বলে সাংবাদিকরা জানিয়েছেন।

ওই বৈঠকে দক্ষিণ কোরিয়ার চাল সাহায্য পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে উত্তর কোরিয়া ইয়ংবিয়ন বন্ধ না করা এবং জাতিসংঘ পর্যবেক্ষকদের সেদেশে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এ সাহায্য বন্ধ থাকবে।

সউল প্রতিবেশী দেশটিকে প্রতি বছর পাঁচ লাখ টন চাল সাহায্য দিয়ে থাকে। গত বছর জুলাই মাসে আন্তর্জাতিক দাবি উপেক্ষা করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে সউল এ সাহায্য বন্ধ রেখেছে।