২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর হচ্ছে

নাগাসাকির মেয়রের হত্যাকাণ্ডের পর জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করা হচ্ছে। বৃহস্পতিবার দেশটির একটি দৈনিক ‘নিক্কি’ একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

জাপানে ইতিমধ্যেই অস্ত্র সংক্রান্ত কঠোর আইন রয়েছে। কিন্তু নাগাসাকির মেয়র ইচো ইতো (৬১) আততায়ীর গুলিতে প্রাণ হারানোর পর প্রধানমন্ত্রী শিনজো আবেসহ অনেকেই এসব আইন আরও কঠোর করার পক্ষে অবস্থান নেন।

বুধবার সাংবাদিকদের আবে বলেন, “বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলোর অনেকগুলোই জাপানে আছে। তবে আমি মনে করি, এগুলো আরও কঠোর করা উচিৎ।”

আগামী ২৩ জুন পার্লামেন্টের বর্তমান অধিবেশন শেষ হওয়ার আগেই সরকার ও ক্ষমতাসীন জোট অস্ত্র নিয়ন্ত্রণ আইনগুলো পর্যালোচনা করা সংক্রান্ত একটি বিল আনার পরিকল্পনা করছে।

এসব আইন পর্যালোচনা করার কাজ আগেই শুরু হয়েছিল। কিন্তু ইতোর মৃত্যু এসব আইন নিয়ে জরুরিভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে বলে পত্রিকাটি মন্তব্য করে।

পত্রিকাটি জানায়, সরকার নতুন যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে আমদানি করা অস্ত্রের ওপর কর্তৃপক্ষের লেবেল এঁটে দেওয়া, যাতে বিদেশ থেকে অবৈধভাবে আসা অস্ত্র পুলিশ সহজেই সনাক্ত করতে পারে।

জাপানে সরকারি নিয়ন্ত্রণের বাইরের অধিকাংশ অস্ত্র রয়েছে ‘ইয়াকুজা’ নামে পরিচিত গ্যাংস্টারদের হাতে। তবে দেশটিতে গুলিবর্ষণের ঘটনা বিরল। অস্ত্র সম্পর্কিত অপরাধের সংখ্যাও কমে এসেছে। গত বছর এ সংক্রান্ত অপরাধের সংখ্যা ছিল ৫৩, যার অধিকাংশেই ইয়াকুজারা জড়িত বলে ধারণা করা হয়। এদের মধ্যে মৃত্যু হয়েছিল মাত্র দুজনের।