ইরানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চান মার্কিন আইনপ্রণেতারা
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য অর্থনৈতিক অবরোধ ইরান ও উত্তর কোরিয়ার অর্থনীতি অচল করে দিতে যথেষ্ট কার্যকর-মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার একথা বললেও কংগ্রেস সদস্যরা আরও নিষেধাজ্ঞা আরোপেরই পক্ষে, বিশেষ করে ইরানের ওপর।
সন্ত্রাস প্রসঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির এক শুনানিতে আইনপ্রণেতারা বলেছেন, মার্কিন রাজস্ব বোর্ডের উচিত ইরানের আরও রাষ্ট্রায়ত্ব ব্যাংক কালো তালিকাভুক্ত করার কথা বিবেচনা করা, যাতে সন্দেহজনক পরমাণু কর্মসূচি বন্ধে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা যায়।
মার্কিন রাজস্ব বোর্ড ইতিমধ্যেই ইরানের দুটো ব্যাংক জব্দ করেছে। পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অর্থায়নে জড়িত থাকার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক শেপাহ জব্দ করা হয়। অন্যদিকে, সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে জব্দ করা হয় ব্যাংক সাদেরাত।
প্যানেলের নেতৃত্বদানকারী ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট রিপাবলিকান ব্র্যাড সেরম্যান ওই পদক্ষেপকে স্বাগত জানান। তবে তিনি বলেন, “এ কাজটি অন্য সব ইরানি ব্যাংকের ক্ষেত্রে করা হচ্ছে না কেন আমরা তা জানতে চাই।”
সেরম্যান সতর্ক করে বলেন, কংগ্রেস কয়েকটি বিল নিয়ে আগ্রসর হচ্ছে। এই বিল অনুমোদন পেলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হতে বাধ্য। আইনের কারণে মার্কিন প্রশাসনকে ‘ইরান নিষেধাজ্ঞা আইন’ পুনর্বহাল করতে হতে পারে। এতে করে ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলো শাস্তির মুখে পড়বে।
মার্কিন উপসহকারী অর্থমন্ত্রী ড্যানিয়েল গ্লাসের বলেছেন, ইরান ও উত্তর কোরিয়ায় ইতিমধ্যেই অর্থনৈতিক অবরোধ আরোপ করে তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি বিঘিœত করা গেছে। তিনি বলেন, শেপাহ ব্যাংক জব্দ করায় কয়েকটি পরমাণু কর্মসূচিতে অর্থায়ন করা ইরানের জন্য কঠিন হয়ে পড়েছে।
কিন্তু এতেই সন্তষ্ট নন ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেস সদস্য এডওয়ার্ড রয়েস। তিনি বলেন, “শুধু শেপাহ আর সাদেরাত নয়, ইরানের আরও চারটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংকও একইভাবে জব্দ করা হোক।”
কিন্তু এ দাবির মুখে গ্লাসের কেবল বলেন, “আমরা ইরানের অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর নজর রাখব এবং একে একে এর ক্ষেত্র সীমিত করে দেওয়ার চেষ্টা করব।”
