২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় উপনির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা চরমে

সম্ভাব্য আগাম সাধারণ নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিতব্য একটি উপনির্বাচনকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। মধ্য সেলাঙ্গর রাজ্যের ইজোকে ২৮ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রধান রাজনৈতিক জোটগুলোর মুখোমুখি সংঘাত এড়াতে হস্তক্ষেপ করতে হয়েছে দেশটির দাঙ্গা পুলিশকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সে সময় রাজধানী কুয়ালালামপুরের বাইরে একটি ছোট শহরে ক্ষমতাসীন জোট এবং কারাগারে আটক আনোয়ার ইব্রাহীমের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাজার হাজার সমর্থকের মধ্যে বোতল ছোড়াছুড়ির পাশাপাশি দেওয়া হচ্ছিল অপমানসূচক স্লোগান। যেখানে আগামী সপ্তাহে একটি উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অভিযোগ এনে ইব্রাহীমের প্রায় দুই হাজার সমর্থক সরকারপন্থী প্রায় পাঁচ হাজার লোকের এক সমাবেশের দিকে এগিয়ে গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি, ঢাল ও জলকামান নিয়ে এগিয়ে যায় দাঙ্গা পুলিশ।

মধ্য সেলাঙ্গর রাজ্যের ইজোকের ২৮ এপ্রিলের উপনির্বাচন বিবেচিত হচ্ছে মালয়েশিয়ার রাজনৈতিক আবহাওয়ার একটি পরীক্ষা হিসেবে, যা প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবিকে একটি আগাম নির্বাচন আয়োজনের বিষয়ে দিতে পারবে ব্যাপক ধারণা।

২০০৯ সালের আগে কোনো সাধারণ নির্বাচন হওয়ার কথা নেই দেশটিতে। তবে ধারণা করা হচ্ছে, আবদুল্লাহ এপ্রিল ২০০৮ এর আগেই একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, যাতে নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াতে না পারেন ইব্রাহীম।

মিশ্র জাতিগোষ্ঠির সমাজ মালয়েশিয়ার প্রধান দুটি রাজনৈতিক জোটের উভয়টিতেই সংখ্যাধিক্য রয়েছে মালয়দের।

বৃহস্পতিবার একটি হলের বাইরে সমাবেশ করে আনোয়ার ইব্রাহীমের সমর্থকরা। তারা সেখানে ইব্রাহীমের ১৯৯০ দশকের শেষ দিককার সংস্কার আন্দোলনের পুরনো দাবি ‘রিফরমাসি’ বলে শ্লোগান দেয়। মালয়েশিয়ার রাজনীতির অন্যতম গোলযোগপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় সে সময়টা। ‘রিফরমাসি’ অন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ১৯৯৮ সালে সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে গ্রেপ্তার এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়, যাকে তিনি অভিহিত করে আসছেন সাজানো নাটক হিসেবে।

সমাবেশে সমর্থকদের একজনের হাতে ইব্রাহীমের একটি পোস্টার দেখা যায়, যাতে লেখা ছিল ‘মালয়েশিয়ার জন্য তিনিই সেরা’। যদিও ফৌজদারি মামলার কারণে ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত নির্বাচনে দাঁড়াতে পারছেন না ইব্রাহীম।

সমাবেশে তার সমর্থকরা ‘আনতানতুয়া’ বলেও জোট সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। আনতানতুয়া হচ্ছেন ২৮ বছর বয়স্ক মঙ্গোলীয় এক মডেল, যিনি অক্টোবরে মালয়েশিয়ায় খুন হয়েছেন।

আর ওই খুনের দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন এক পুলিশ, যিনি একইসঙ্গে সরকারের একজন নিরাপত্তারক্ষী ও বর্তমান উপপ্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। যদিও অভিযুক্তরা সবাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি জানিয়েছেন।

উপপ্রধানমন্ত্রী নাজিব রাজাক অভিযোগ করেন, বিরোধী দল ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জড়িয়ে মিথ্যা ছড়াচ্ছে। নিউ স্ট্রেইট টাইমস তাকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, উপনির্বাচনে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসাবে হত্যাকাণ্ডকে ব্যবহার করছে বিরোধীরা।

ইজোকের উপনির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন জোট। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে আবদুল্লাহর বারিসান ন্যাশনাল জোটের চেয়ে ইব্রাহীম ও তার পার্টি কেডিলানের সমর্থন বেশি দেখা যেতে পারে। উল্লেখ্য, ১৯৫৭ সালের স্বাধীনতার পর থেকে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে বারিসান ন্যাশনাল জোট।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স এর রাষ্ট্রবিজ্ঞানী সাইদ আহমদ হোসেইন বলেন, “আগামী সাধারণ নির্বাচনের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা দেখানোর জন্য কেডিলান পার্টিকে হয় জিততে নতুবা অল্প ব্যবধানে হারতে হবে।”

ইজোকের এ নির্বাচনী আসনের ভোটার প্রায় ১২ হাজার, যাদের অধিকাংশই মালয়। উপনির্বাচনে বারিসন ন্যাশনাল জোটের প্রার্থী ৩৮ বছর বয়স্ক এক আদিবাসী ইন্ডিয়ান। অপরদিকে নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী কেডিলান পার্টির প্রার্থী ৬১ বছর বয়স্ক মালয় খালিদ ইব্রাহীম।