দারফুরে সহিংসতা বন্ধ না হলে সুদানে নিষেধাজ্ঞা: বুশ
সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরকে সতর্ক করে দিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, তাকে দারফুরে সহিংসতা বন্ধের শেষ সুযোগ দেয়া হচ্ছে। এ সুযোগ নষ্ট করলে সুদানে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করাসহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা নোর কথা ভাবা হবে।
বুশ বলেন, তিনি প্রেসিডেন্ট বশিরের সঙ্গে কুটনৈতিক পন্থায় দারফুর সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে আরো সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়ে এও বলেন যে, তার ধৈর্য্য সীমিত। তিনি আরো বলেন, বশিরের উচিত জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টায় সাড়া দেয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি মেনে নেয়া।
দারফুরে সুদান সেনাবাহিনীর বিমান প্রবেশ না করতে দেয়ার জন্য বুশ একটি আন্তর্জাতিক ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ চিহ্ণিত করার সম্ভাবনার কথা বলেন। অভিযোগ করে তিনি বলেন, সুদান তাদের সেনাবাহিনীর বিমান গুলোকে সাদা রঙ করে একে জাতিসংঘ কিংবা আফ্রিকান ইউনিয়নের বিমান বলে চালানোর চেষ্টা করছে।
বুশ আরও বলেন, সুদান সরকারের এসব অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কি ব্যবস্থা নিতে পারে তা আমরা দেখব। আর সুদান সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি না শুনতে পেলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।
