পাকিস্তানে বরখাস্ত প্রধান বিচারপতির সমর্থনে ব্যাপক বিক্ষোভ
পাকিস্তানে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর সমর্থনে বুধবার সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেছেন হাজার হাজার আইনজীবী ও সরকার-বিরোধীরা। তারা “মুশাররফ নিপাত যাক” শ্লোগান দেন। সুপ্রিম কোর্টে ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলার শুনানি চলাকালে এই বিক্ষোভ হয়।
মামলার পঞ্চম শুনানীতে অংশ নিতে ইফতেখার চৌধুরি আদালতে হাজির হওয়ামাত্র ইসলামিক জোট ও লিবারেল পার্টির সমর্থকসহ উপস্থিত হাজার হাজার বিক্ষোভকারী হাততালি দিয়ে তাকে সমর্থন জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৯ মার্চ ইফতেখার চৌধুরীকে প্রধান বিচারপতির পদ থেকে বরখাস্ত করেন। একইসঙ্গে মুশাররফ ইফতেখারের বিরুদ্ধে ক্ষমতা অপব্যহারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দেন।
মুশাররফের ওই পদক্ষেপের পর বিরোধী দলগুলো এবং আইনজীবী সম্প্রদায় পাকিস্তান জুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু করে। প্রধান বিচারপতিকে বরখাস্ত করার বিষয়টিকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই দেখছেন তারা।
আর চলমান এ আন্দোলন প্রেসিডেন্ট মুশাররফের জন্য একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলেই মনে করা হচ্ছে। যিনি ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে দখল করেন পাকিস্তানের শাসন ক্ষমতা।
বুধবার বিক্ষোভ চলাকালে কয়েক শ’ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য আদালতের বাইরে অবস্থান নেয়। তবে তারা বিক্ষোভে কোনো বাধা দেয়নি। যদিও বুধবারের বিক্ষোভ-সমাবেশ পণ্ড করতে মঙ্গলবার শ’ শ’ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভ সমাবেশে বিরোধী ইসলামিক জোট মুত্তাহিদা মজলিশ-ই-আমল এর ঊর্ধ্বতন নেতা মুনওয়ার হোসেন বলেন, “আমাদের সংগ্রাম প্রধান বিচারপতির পুনরায় নিয়োগ এবং সংবিধান রক্ষার জন্য। আর একইসঙ্গে মুশাররফের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা এবং প্রতিবাদ জানানোর জন্য।”
ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনেনি পাকিস্তান সরকার। তবে একটি সংবাদপত্র তাদের প্রতিবেদনে বলেছে, ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতি পদের অপব্যবহার করেছেন ইফতেখার চৌধুরী-তার বিরুদ্ধে এই অভিযোগটিই আনা হতে পারে।
