২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক সেনার মুক্তির জন্য ‘যেকোনো মূল্য দিতে’ প্রস্তুত নয় ইসরায়েল: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বুধবার বলেছেন, আটক সেনার মুক্তির জন্য ফিলিস্তিনি জঙ্গিদের সব দাবি পূরণে প্রস্তুত নয় তার দেশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পার্লমেন্টের একটি কমিটির সঙ্গে ওলমার্টের এক রুদ্ধদ্বার বৈঠকের বরাত দিয়ে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, “গিলাদ শালিতের (আটক সেনা) আটককারীদের যেকোনো দাবি পূরণ করতে পারে না ইসরায়েল।

এছাড়া ওলমার্টের বরাত দিয়ে হারেতজ ও ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, শালিতের মুক্তির বিনিময়ে জঙ্গিরা তালিকায় যেসব বন্দি ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে তা “হতাশাব্যঞ্জক এবং এমন প্রত্যাশার জন্ম দিয়েছে যা আমরা পূরণ করতে পারি না।”

ফিলিস্তিনি সরকারের নেতৃত্বদাকারী হামাস সম্প্রতি শালিতের মুক্তির বিনিময়ে ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবি জানিয়ে একটি তালিকা দিয়েছে। শালিত ১০ মাস ধরে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের হাতে আটক আছে।

হামাস নেতা ও ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া সোমবার জানিয়েছেন, তালিকায় ফিলিস্তিনি অভ্যুত্থানের নেতা মারওয়ান বারঘুতির নামও রয়েছে।

তবে তার বক্তব্যের সঙ্গে বিভেদ তৈরি হয়েছে ফাতাহ নেতা ও ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী আজম আল-আহমদের বক্তব্যে। তিনি বলেছেন, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরি ফাতাহ নেতা বারঘুতির নাম নেই ওই তালিকায়।

এদিকে বন্দি বিনিময়ের অংশ হিসেবে বারঘুতিকে আগে মুক্তি দেওয়া হতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাতকারে ওলমার্ট সম্প্রতি বলেছেন, “না।”

প্রসঙ্গত, ইসরায়েলের কারাগারে আটক বন্দিদের মুক্তির ইস্যুটি ফিলিস্তিনিদের কাছে খুবই আকাঙ্খিত বিষয়। অন্যদিকে, বোমা হামলা ও গোলাগুলির সঙ্গে জড়িত ফিলিস্তিন বন্দিদের মুক্তি দেওয়ার বিরোধী অধিকাংশ ইসরায়েলি।