২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে নাগাসাকির মেয়র আততায়ীর গুলিত নিহত

জাপানের ঐতিহাসিক নাগাসাকি নগরীর মেয়র ইচো ইতো (৬১) আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় তিনি গুলিবিদ্ধ হন। বুধবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় জাপানজুড়ে নেমেছে শোকের ছায়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

চতুর্থ বারের মতো নাগাসাকির মেয়র হওয়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ইতো। কিন্তু মঙ্গলবার তার নির্বাচনী প্রচার কেন্দ্রের সামনেই পেছন থেকে আততায়ীর ছোঁড়া দুটি বুলেটবিদ্ধ হন তিনি। চিকিৎসকরা জানান, দুটো বুলেটই তার হৃদপিণ্ডে ঢুকে যায়।

ইতোর মৃত্যুতে শোক নেমে এসেছে জাপান জুড়ে। যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন খুবই কঠোর এবং রাজনীতিবিদদের ওপর সহিংস হামলার ঘটনা খুবই বিরল।

এ ঘটনায় পুলিশ তেতসুয়া শিরু (৫৯) নামের এক লোককে একটি রিভলবরসহ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, শিরু জাপানের সবচেয়ে বড় সন্ত্রাসী গ্রুপ ইয়ামাগুচি গুমির সঙ্গে জড়িত স্থানীয় একটি সন্ত্রাসী দলের ঊর্ধ্বতন সদস্য।

তবে ইতো হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পরিষ্কার করে এখনও কিছু জানা যায়নি এবং পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, “নির্বাচনী প্রচারাভিযানকালে এরকম নৃশংস হত্যাকাণ্ড গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ। এ অপরাধ ক্ষমার অযোগ্য।”

এদিকে, সংবাদ মাধ্যমগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, “এ ধরনের সহিংসতা সহ্য করা হলে বাক-স্বাধীনতা খর্ব হবে। আর এতে করে জাপান ফিরে যেতে পারে যুদ্ধপূর্ব যুগের সেই বিভ্রান্তিকর, অন্ধকার দিনগুলোতে।”