২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো হামলাকারীর ‘হাত কেটে নেওয়া হবে’: আহমাদিনেজাদ

ইরানের ওপর হামলাকারী যেকোনো প্রেসিডেন্টের ‘হাত কেটে নেবে’ সেদেশের সেনাবাহিনী। পাশাপাশি তারা প্রতিরক্ষার দায়িত্ব পালনেও প্রস্তুত। বুধবার সেনাবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ চলাকালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এমন কড়া কথাই বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 03:25 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র বলে আসছে, তারা কুটনৈতিক পন্থায় এই অচলবস্থার অবসান চায়। কিন্তু কুটনৈতিক পন্থায় কাজ না হলে ইরানে সামরিক হামলা চালানোর সম্ভাবনাও নাকচ করেনি তারা।

সেনাবাহিনীর কুচকাওয়াজ শুরুর আগে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ কড়া ভাষায় জানিয়ে দেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী শক্তিকে রুখে দাঁড়াবে এবং তার হাত কেটে নেবে।

আহমাদিনেজাদ বলেন, “আমাদের সেনাবাহিনী স্বয়ংসম্পূর্ণ। তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রস্তুত। দায়িত্ব পালনের জন্য আমাদের সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।”

গত বছর সেনাবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ চলাকালেও আহমাদিনেজাদ একই মন্তব্য করেছিলেন। পরমাণু কর্মসূচি সম্পর্কে আহমাদিনেজাদের বক্তব্য হলো, শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ইরানের বৈধ অধিকার এবং এ কর্মসূচি দেশের জন্য খুবই প্রয়োজন।

বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ ইরান জোর দিয়ে আরও বলেছে, তারা পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে না। বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই এই কর্মসূচি চালানো হচ্ছে।

কিন্তু এ মাসে এক বিবৃতিতে বাণিজ্যিকভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের আহমাদিনেজাদের ঘোষণায় ইরান পশ্চিমা বিশ্বের নিন্দা ও সমালোচনার শিকার হয়েছে। আর এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দাবিও উপেক্ষিত হয়েছে। ফলে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আবারও হুমকি দিয়ে বলেছে, ইরান আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

ইরানের ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ হয় গত বছর ডিসেম্বরে। পরে নিরাপত্তা পরিষদ ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ইরান এর তোয়াক্কা না করে বলেছে, তারা যেকোনো ঘটনার জন্যই প্রস্তুত।