চীনে সরকারি ভবনে ‘বিলাসিতা’র ওপর নিষেধাজ্ঞা
চীন সরকার ও কমিউনিস্ট পার্টির ভবনগুলোর ভেতরে আর কোনো উদ্যান, বহুতল অত্যাধুনিক সিঁড়ি কিংবা অত্যাধুনিক প্রযুক্তির শব্দব্যবস্থাসম্পন্ন মঞ্চ থাকছে না। দেশে সরকারি ভবনগুলোতে ক্রমবর্ধমান বিলাসিতার বিরুদ্ধে লড়াইয়ে এ পদক্ষেপ নিয়েছে চীন।
সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, জাঁকজমকপূর্ণ সরকারি ভবনের ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সবুজায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অপেক্ষাকৃত ছোট ও কম ব্যয়বহুল ভবন নির্মাণের ওপর এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
অভিজাত্যের প্রতীক হিসেবে চীনের অসংখ্য ভবনের ভেতর বা বাইরের অংশে মার্বেল পাথর ও সোনালি গিল্টির কাজ দেখা যায়। পাশাপাশি সেখানে জনপ্রিয়তা পেয়েছে বড় বড় কাঁচের জানালা ও ঘরের ভেতরে ঝর্ণা স্থাপনের মতো ব্যয়বহুল সাজসজ্জা।
জাঁকজমকপূর্ণ ও বিলাসবহুল এসব ভবন নির্মাণের বিরুদ্ধে একমত হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চক্ষমতাসম্পন্ন এক কমিটি এবং স্টেট কাউন্সিল বা মন্ত্রিপরিষদ। এক প্রজ্ঞাপনের মাধ্যমে সে লক্ষ্যে তারা জারি করেছে নতুন এ আইন।
স্থানীয় সরকারি ভবনের ব্যয়বহুল অফিসগুলোর ‘বাজে ধারার’ উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, “এগুলো শুধু ভয়াবহ রকম ব্যয়বহুলই নয়, বরং তাতে অপচয় হয় জ্বালানি শক্তির। এসব ভবনের কোনো কোনোটির সাজসজ্জার অর্থ যোগাড় করা হয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা দারিদ্র বিমোচন ও ত্রাণ তহবিল থেকে।
সিনহুয়া জানায়, কমিউনিস্ট পার্টির ভাবমূর্তি ক্ষুণ্নকারী ওই সমস্যা মোকবেলায় ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মানা হবে কঠোর নিয়মকানুন।
