২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাস হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনের সমালোচনা বিশ্বজুড়ে

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে ৩২ শিক্ষার্থী-শিক্ষক হতাহতের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় বইছে। সমালোচকরা বলছেন, প্রচলিত আইনে অস্ত্র বহনের সুযোগ থাকায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পেরেছে। পাশাপাশি এ ঘটনায় ইরান থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত সব দেশ যুক্তরাষ্ট্রের প্রতি সমবেদনা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে ৩০ হাজারেরও বেশি মানুষ বন্দুকের গুলিতে আহত হন। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে বেশি। অভিযোগ রয়েছে, অস্ত্র ব্যবসায়ী গোষ্ঠীর চাপে আইন কঠোর করতে পারছে না দেশটি।

ইউরোপের পত্রপত্রিকাগুলোও যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনের সমালোচনায় মুখর হয়েছে।

যুক্তরাজ্যের দি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, “এখন প্রশ্ন উঠতে পারে, এ ধরনের আর কতো ঘটনা ঘটলে অস্ত্র আইন কঠোর করতে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র?”

ইতালির বামপন্থী পত্রিকা এল ম্যানিফেস্টোর বক্তব্য এ রকম-“এ ঘটনা যুক্তরাষ্ট্রের ‘স্বপ্নের’ জীবনযাপন নিয়ে অনেকের ধারণা ভেঙ্গে দিয়েছে।”

অস্ত্রবিরোধী সংগঠনগুলো বলছে, অস্ত্র আইন কঠোর করার গুরুত্ব এই ঘটনা চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘটনা থেকে অন্য দেশগুলোকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

ফিলিপাইনের ‘গানলেস সোসাইটি’র প্রধান ন্যান্ডি পাচেচো বলেন, “ফিলিপাইনে আমরা এমন একটা দিন পার করতে পারি না, যে দিন অস্ত্রের দ্বারা কেউ হতাহত হয়নি। রেডিও, টিভি কিংবা সংবাদপত্রে প্রতিদিনই এসব খবর পাওয়া যায়।”

এদিকে ক্যাম্পাসে হতাহতের ঘটনায় বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্রের প্রতি সববেদনা জানিয়েছেন।

মার্কিন মিত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড পরামর্শ দিয়েছেন, অস্ত্র আইন কঠোর করার মধ্য দিয়ে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারে।

এক সময় অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন অনেক নমনীয় ছিল। কিন্তু ১৯৯৬ সালে তাসমানিয়ায় এক হত্যাকাণ্ডের পর আইন কঠোর করে অস্ট্রেলিয়া। এখন দেশটিতে আধাস্বংয়ক্রিয় সব ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন, রানী এলিজাবেথ থেকে শুরু করে ইরানের নেতারাও রয়েছেন এ তালিকায়।

ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ বেনেডিক্ট এই ঘটনাকে ‘বেদনাদায়ক’ আখ্যা দিয়েছেন।

বান কি মুন বলেছেন, “আমি খুবই মর্মাহত। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসাইনি বলেছেন, “ক্যাম্পাস হত্যাকাণ্ডে ইরান যুক্তরাষ্ট্র ও হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।”