যুক্তরাষ্ট্রে ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় প্রশ্নবিদ্ধ প্রশাসন
যুক্তরাষ্ট্রের টেক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে ভেদ করে এক বন্দুকধারী ৩২ জনকে হত্যা করলো তার উত্তর দেওয়া নিয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে গুলিবর্ষণে হতাহতের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ওই হত্যাযজ্ঞ।
দুই ঘণ্টার ব্যবধানে বিশ্ববিদ্যালয়ে ওই হত্যাকাণ্ড ঘটে। খুনি পরে একটি শ্রেণীকক্ষে ঢুকে আত্মহত্যা করে। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, খুনি ছয় ফুট লম্বা এশীয় পুরুষ যে একের পর এক শ্রেণীকক্ষে প্রবেশ করে অন্তত একটি বন্দুক ব্যবহার করে ঠাণ্ডা মাথায় শিক্ষার্থী ও কর্মীদের হত্যা করে।
পুলিশ বলছে, খুনি সম্ভবত শ্রেণীকক্ষে ঢুকে শিকল দিয়ে দরজা আটকে ফেলে যাতে আতঙ্কিত শিক্ষার্থীরা পালাতে না পারে। গুলিতে এবং জীবন বাঁচাতে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে ১৫ জন আহত হয়।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম গুলিবর্ষণের ঘটনার দুই ঘণ্টারও বেশি সময় পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র একটি ই-মেইল পাঠানো ছাড়া আর কোনোভাবে তাদের সতর্ক করেনি।
কারিগরী শিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অগ্রগণ্য এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চার্লস স্টেগার সাংবাদিকদের বলেন, “আমরা জানতাম গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের ধারণা ছিল, এটা কেবল একটি জায়গাতেই ঘটেছে।”
তিনি সঙ্গে সঙ্গে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার কিংবা শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার মতো জরুরি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেন।
পুলিশ প্রাথমিকভাবে একজন খুনিকেই সনাক্ত করে। তবে দুবার গুলিবর্ষণের ঘটনার মধ্যে যোগসূত্র থাকার ব্যাপারে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ অবশ্য জানিয়েছে, প্রথম গুলিবর্ষণের ঘটনাটি ছাত্রাবাসের এক নারী ও এক পুরুষ শিক্ষার্থীকে কেন্দ্র করে এবং তাতে এক পুরুষ জড়িত। তবে ওই ব্যক্তিকে পুলিশী হেফাজতে নেওয়া হয়নি।
পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে ভুল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিল কিনা-এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ প্রধান ওয়েনডেল ফ্লিনচহাম। তিনি শুধু বলেন, “আমি বলছি না যে খুনি পালিয়ে যেতে পেরেছে।”
প্রথমবার গুলিবর্ষণ শুরু হয় সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট আম্বলার জনস্টন হলে। ওই ছাত্রাবাসটিতে প্রায় ৯০০ শিক্ষার্থীর বাস। এরপর আরও ব্যাপক আকারে গুলিবর্ষণ চলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এলাকা নরিস হলে।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়টি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দক্ষিণপশ্চিমে, রাজধানী ওয়াশিংটন থেকে ২৪০ মাইল দূরে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে সবচেয়ে ভয়াবহ ক্যাম্পাস হত্যাকাণ্ডটি ঘটেছিল ১৯৬৬ সালে অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসে। সে সময় প্রশিক্ষণপ্রাপ্ত বন্দুকধারী চার্লস হুইটম্যান তার মা ও স্ত্রীসহ ১৫ জনকে হত্যা করে।
ওই হত্যাকাণ্ডের পর টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, আতঙ্কিত শিক্ষার্থী ও পুলিশ মৃতদেহ ওই ভবন থেকে বের করে আনছেন। এ ঘটনা মার্কিনিদের স্মরণ করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে কলাম্বিয়ার একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার কথা।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র বহন আইন নিয়ে বিতর্ক আবারও চাঙ্গা হয়েছে। অন্ত্র ধারণের অধিকারের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তিরা অস্ত্র বহন আইন কঠোর করার চেয়ে বরং শিথিল করার পক্ষে মত দিয়েছেন।
গান ওনার্স অফ আমেরিকার নির্বাহী পরিচালক ল্যারি প্রাটের মতে, এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে উন্মাদ কোনো বন্দুকধারীর হাতে দেশের বিদ্যালয়গুলো যেন জিম্মি হতে না পারে সেজন্য অস্ত্র বহন নিষিদ্ধ এলাকা সম্পর্কিত আইন তুলে দেওয়া উচিত।
