‘৯/১১ হামলা পরিকল্পনার কথা ২০০১ সালেই জানতো ফ্রান্স’
যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার হুমকি সম্পর্কে নয়টি প্রতিবেদন ২০০০ সালের সেপ্টেম্বর থেকে ২০০১ সালের আগস্টের মধ্যে তৈরি করেছিল ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো। তারা এও জেনে গিয়েছিল যে, আল কয়েদা বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছে। ফ্রান্সের ‘ল্য মঁদ’ পত্রিকা সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছেপেছে।
পত্রিকাটি জানায়, তারা ৩২৮ পৃষ্ঠার গোপন নথি পেয়েছিল। এতে জানা যায়, ওসামা বিন লাদেনের নেটওয়ার্কে ঢুকে পড়েছে বিদেশি সংস্থাগুলো এবং তারা সে নেটওয়ার্কের গতিবিধি সতর্কতার সঙ্গে জানার চেষ্টা করছে।
২০০১ সালের জানুয়ারিতে ‘ইসলামি চরমপন্থীদের বিমান ছিনতাই পরিকল্পনা’ শীর্ষক একটি দলিলে বলা হয়, ওই অভিযান নিয়ে ২০০০ সালের শুরুতেই কাবুলে আল কায়েদা, তালেবান ও চেচেন গেরিলাদের মধ্যে আলোচনা হয়েছে।
প্রতিবেদনটির বরাত দিয়ে ল্য মঁদ জানায়, আল কায়েদা ২০০০ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যেই বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। কিন্তু তা পিছিয়ে যায় মতভেদের কারণে, বিশেষ করে হামলার তারিখ, লক্ষ্যস্থল এবং অভিযানে কারা অংশ নেবে তা নিয়ে মতভেদের কারণে।”
পরে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ওই হামলা চালানো হয়। এতে প্রাণহানি হয় প্রায় তিন হাজার।
এদিকে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর মুখপাত্র জর্জ লিটল বলেছেন, ল্য মঁদের প্রতিবেদনে হামলা সম্পর্কে এমন কোনো নতুন তথ্য নেই যা আগে জানা যায়নি।
তিনি বলেন, “আল কায়েদার বিমান ষড়যন্ত্র, বিশেষ করে বিমান ছিনতাই সম্পর্কে ১১ সেপ্টেম্বরের আগে যুক্তরাষ্ট্র সরকার যা জানতো তারই পুনরাবৃত্তি করেছে ল্য মঁদ।”
তিনি আরও বলেন, “১১ সেপ্টেম্বরের ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র বা বিদেশি কর্মকর্তারা যে আগেই বিস্তারিত জেনেছিলেন, প্রতিবেদনে এর কোনো প্রমাণ নেই। সে রকম কিছু হলে যুক্তরাষ্ট সরকার আগে থেকেই ব্যবস্থা নিত।”
ল্য মঁদ জানিয়েছে, ২০০১ সালের জানুয়ারিতে তৈরি করা ফরাসি গোয়েন্দা প্রতিবেদনটি প্যারিসে কর্মরত সিআইএর এক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের ১১ সেপ্টেম্বর কমিশন তাদের তদন্ত প্রতিবেদনে এর উল্লেখ করেনি।
ফ্রান্সের ডিজিএসই গোয়েন্দা সংস্থার সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিয়েরে-এন্তোইন লোরেনজির বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ছিনতাই পরিকল্পনা হচ্ছে বলে ফ্রান্স মনে করলেও ডিজিএসই জানতো না যে ষড়যন্ত্রটি ছিল উড়ন্ত বিমান ছিনতাই করে ভবনে হামলা চালানোর।
তিনি বলেন, “আপনাকে মনে রাখতে হবে যে ২০০১ সালের জানুয়ারির বিমান ছিনতাইয়ের গুরুত্ব এবং ১১ সেপ্টেম্বরের পরের বিমান ছিনতাইয়ের গুরুত্ব এক নয়। ওই সময়ে ছিনতাই হওয়া বিমানকে কোনো বিমানবন্দরে নামিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের করা হতো।
ল্য মঁদ আরও জানিয়েছে, নথিপত্রে দেখা গেছে, ফ্রান্স বিশ্বাস করতো যে ১৯৯৮ সালে তাঞ্জানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে আল কায়েদার হামলার পর তাদের নেটওয়ার্ক ধ্বংসের প্রচেষ্টা সত্ত্বেও ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আগ পর্যন্ত পরিবারের সদস্য এবং সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য নিয়েছিলেন বিন লাদেন।
