২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক হলো ‘সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়’: আল কায়েদা নেতা

ইরাকে ২০০৩ সালে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে বিদ্রোহীদের তৎপরতা ক্রমশ বেড়েছে এবং দেশটি ‘সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়ে’ পরিণত হয়েছে-এমন মত পোষণকারীদের সঙ্গে একমত হয়েছেন এক আল কায়েদা নেতা। মঙ্গলবার ইন্টারনেটে ছাড়া এক রেডিও ভাষণে তিনি একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2007, 12:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

নিজেকে আবু ওমর আল-বাগদাদী পরিচয় দানকারী ওই ব্যক্তি হলেন ইরাকে তৎপর আল কায়েদা ও কয়েকটি সুন্নি সংগঠনের সমন্বয়ে গঠিত দলের নেতা। তিনি বলেন, “সামরিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে শয়তানদের (শত্রুদের) একজন ঠিকই বলেছে, আফগানিস্তান যদি সন্ত্রাসের বিদ্যালয় হয়, তবে ইরাক হলো সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়।”

“ইরাকের ইতিহাসে সৃষ্টিকর্তার পথে জিহাদকারী সবচেয়ে বড় দলটি এখন প্রশিক্ষণ শেষ করার পথে এবং বিশ্বের সবচেয়ে সক্ষম সেনাদলের পর্যায়ে পৌঁছেছে তারা।”

“বিশ্ববাসীর মন থেকে মার্কিন মেরিন সেনাদের ভয় কেটে গেছে, কারণ অবিশ্বাসী বাথ পার্টির পতনের পর আবির্ভূত মাত্র কয়েকজন মুজাহিদিন এখন কয়েক হাজারে পরিণত হয়েছে। এগুলো গত চার বছরের জিহাদ থেকে পাওয়া অর্জনের অংশমাত্র।”

আবু ওমরের নামে প্রচারিত ওই রেডিও ভাষণটির বিশ্বাসযোগ্যতা যাচাই করা না গেলেও এটি ছাড়া হয় আল কায়েদা ও ইরাকে তৎপর বিদ্রোহী সংগঠনগুলো ব্যবহার করে এমন কয়েকটি ওয়েবসাইটে।

আবু ওমর বিদ্রোহীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, শত্রুরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

“আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব আছে... এবং আমাদের মধ্যকার বন্ধন অনেকে যা বিশ্বাস করে তার চেয়েও অনেক শক্ত।”

আবু ওমরের ওই সংগঠনটি ইরাকে ব্যাপক সংখ্যায় অপহরণ ও কয়েকটি বড় বড় হামলার দায়িত্ব স্বীকার করেছে।