ইরাকে ৫ মার্কিন সেনা নিহত
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ইরাকে তাদের পাঁচ সেনা নিহত হয়েছে। এদের তিনজন নিহত হয় বাগদাদে। এ নিয়ে এ মাসে ইরাকে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো প্রায় ৬০ এ।
সেনাবাহিনী জানায়, বাগদাদে তিন সেনা আলাদা তিনটি হামলায় নিহত হয়। বাকি দুজন নিহত হয় পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে।
সেনাবাহিনী আরও জানায়, টহল দেওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এক সেনা নিহত হয়। ইএফপি বা এক্সপ্লোসিভলি ফর্মড প্রজেক্টাইল হিসেবে পরিচিত এসব বোমা ইরান থেকে আসছে বলে মার্কিনিদের অভিযোগ।
এ মাসটি ইরাকে অবস্থানরত তাদের সেনাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাসের একটি বলে স্বীকার করছে মার্কিন সেনাবাহিনী। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে এ পর্যন্ত প্রায় তিন হাজার ৩০০ মার্কিন সেনা নিহত হয়েছে।
