২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয়ী দাঙ্গায় মদদদানের অভিযোগে উগান্ডায় দুই পার্লামেন্ট সদস্য গ্রেপ্তার

রক্তক্ষয়ী দাঙ্গায় মদদদানের অভিযোগে সোমবার পার্লামেন্টের দুই বিরোধী দলীয় সদস্যসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে উগান্ডার পুলিশ। গত সপ্তাহে দেশটিতে বসবাসকারী এশীয়দের ওপর হামলা চালানো হয়। এ সময় একজনকে পাথর ছুড়ে হত্যা করে বিক্ষোভকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দেশটির সংরক্ষিত মাবিরা বনাঞ্চলের এক-তৃতীয়াংশে আখ উৎপাদনের জন্য ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া নিয়ে গত বৃহস্পতিবার ওই দাঙ্গার সূচনা হয়।

গ্রেপ্তারকৃত দুই সদস্য হলেন, বিয়েট্রিচ আতিম ও হুসেইন কিয়ানজো।

বিক্ষোভকারীরা দোকানপাটে লুটতরাজ চালায় এবং এক ভারতীয়কে পাথর ছুড়ে হত্যা করে। অনেককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পুলিশের সহায়তায় রক্ষা পান শতাধিক এশীয়। এছাড়া, দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা কর্মীরা।

গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের মুখপাত্র সিমিও সুবুগা বলেন, “আমরা সহিংসতায় মদদদান, দোকানপাট ভাঙচুর ও অন্যান্য ধরনের হয়রানির অভিযোগে সন্দেহভাজন ২৭ জনকে গ্রেপ্তার করেছি।”

তবে এদের বিরুদ্ধে কী অভিযোগ দায়ের করা হবে, তা তিনি জানাননি।

প্রেসিডেন্ট ইয়োরি মুসেভানি গত বছর ওই বনাঞ্চলের অন্তত সাত হাজার হেক্টর জমিতে ভারতীয় মেহতা গ্রুপকে আখ চাষ করতে দেওয়া যায় কিনা তা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। এ নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সমালোচকরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বনটির স্থানীয় জীববৈচিত্র ধ্বংস হবে এবং নদী ও লেক পানিশূন্য হয়ে পড়বে।