বেনজির-মুশাররফ ‘ক্ষমতা ভাগাভাগি চুক্তি’ নিয়ে পাকিস্তানে গুঞ্জন
পাকিস্তানের আগামী নির্বাচনের আগে বা পরে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে ‘ক্ষমতা ভাগাভাগি চুক্তি’ করতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। একটি ব্রিটিশ দৈনিকে দেওয়া সাক্ষাতকারে বেনজির ভুট্টোর এমন ইঙ্গিতে পাকিস্তানে জোর গুঞ্জন চলছে।
২০০৭ সালের শেষে বা ২০০৮ সালের প্রথমে পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা।
ব্রিটেনের ‘দ্য সানডে টাইমস’ জানিয়েছে, দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির সাক্ষাতকারে বলেছেন, “এ ধরনের একটি চুক্তি তিনি করতে চান।
তবে তিনি বলেন, “খুব শিগগিরি চুক্তিটি হবে কিনা সে সম্পর্কে আগেভাগে কিছু বলা যাচ্ছে না।”
পাকিস্তানি টেলিভিশনের নিউজ চ্যানেলগুলোতে প্রচারিত ওই খবরের পরিপ্রেক্ষিতে এ ধারণাই বদ্ধমূল হচ্ছে যে আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়া এবং রক্ষণশীল ধর্মীয় শক্তির বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গড়ার লক্ষ্যে স্বেচ্ছা নির্বাসিত বেনজিরকে পাশে চাইছেন মুশাররফ।
তবে মুশাররফের সঙ্গে কোনো চুক্তি হওয়ার কথা অস্বীকার করেছেন বেনজিরের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর।
দুজনের মধ্যে কোনো চুক্তি হয়েছে কিনা-সানডে টাইমসের এ প্রশ্নের জবাবে ইসলামাবাদে এক বিবৃতিতে ফরহাতুল্লাহ বলেন, “মুশাররফ ও বেনজিরের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে কোনো চুক্তি হয়নি।”
এদিকে বিশ্লেষকরা মনে করছেন, মুশাররফ ও বেনজির ক্ষমতা ভাগভাগি চুক্তি করে ফেলেছেন। তবে বিষয়টি নির্বাচনের পরই পরিষ্কার হবে বলে মনে করছেন তারা।
পাকিস্তানের দৈনিক ‘ডেইলি টাইমস’ এর সম্পাদক নাজাম শেঠি বলেন, “আমি মনে করি চুক্তি হয়ে গেছে।”
শেঠির ধারণা, বেনজির পাকিস্তানে ফিরে পিপিপির নেতৃত্ব দেবেন এবং সরকার বেনজিরের বিরুদ্ধে দায়েরকৃত জালিয়াতির মামলাগুলো আপাতত স্থগিত রাখার আশ্বাস দেবে।
তিনি বলেন, “চুক্তিবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ খোলা নেই মুশাররফের। বেনজিরেরও চুক্তি করা ছাড়া বিকল্প নেই।”
পাকিস্তানের প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে জনপ্রিয়তা হারাচ্ছেন মুশাররফ। তাছাড়া জঙ্গি দমন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভাল না থাকায় বিরোধীদের চাপের মুখে রয়েছেন তিনি।
অন্যদিকে, ১৯৯৯ সালে সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের কাছ থেকে মুশাররফের ক্ষমতা দখলের আগে ১৯৯৮ সালে স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার পর আর দেশে ফেরেননি বেনজির। দেশে এই দীর্ঘ অনুপস্থিতিতে বেনজিরের জনপ্রিয়তা বাড়ছে।
