‘লেবার দলের শাসনামলে ব্রিটেনে ব্যবসা-বাণিজ্য করা কঠিনতর হয়েছে’
ব্রিটেনের দুই-তৃতীয়াংশেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান মনে করে যে, মধ্য-বাম ঘরানার লেবার দল ক্ষমতায় আসার পর ১০ বছরে আগের চেয়ে ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন হয়ে পড়েছে দেশটিতে। ব্রিটিশ চেম্বার্স অফ কমার্সের (বিসিসি) এক জরিপের ফলাফলে একথা বলা হয়েছে। সোমবার সংগঠনটির বার্ষিক সম্মেলনকে ঘিরে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
বিসিসি ১৪৫টি প্রতিষ্ঠানের ওপর এ জরিপ চালায়। এতে অংশ নেওয়া ৪৯ ভাগ প্রতিষ্ঠান মনে করে, নতুন ব্যবসা শুরু করা কিংবা একটি ব্যবসার প্রসার ঘটানো ১৯৯৭ সালের চেয়ে এখন অনেক কঠিন । বিশ ভাগ প্রতিষ্ঠান মনে করে প্রক্রিয়াটি এখন আগের চেয়ে কিছুটা কঠিন।
অন্যদিকে, এক তৃতীয়াংশ প্রতিষ্ঠান মনে করে সরকারের উচিৎ লাল ফিতার দৌরাত্ম কমাতে ব্যবস্থা নেওয়া।
এ বছরের বাজেটে ঘোষিত ব্যবসা-বাণিজ্যের নিয়মকানুন প্রায় এক-চতুর্থাংশ কাটছাঁট করা এবং কর্পোরেশন করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৮ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে লেবার সরকার। এরপরও জরিপের ফলাফলে লেবার দলবিরোধী এ মনোভাব প্রকাশ পেল ব্যবসায়ীদের।
বিসিসির মহাপরিচালক ডেভিড ফ্রস্ট সংস্থাটির বার্ষিক সম্মেলনে বলেছেন, “এ সমস্যগুলোকে আমলে নিয়ে সব রাজনৈতিক দলের সদস্যরাই এটা প্রমাণ করুক যে তারা ব্যবসায়ীদের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।”
