২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে আফগান জঙ্গিরা’

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা ক্রমবর্ধমান হারে অসামরিক নাগরিকদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় সোমবার ১০ পুলিশ নিহত হওয়ার দিন নতুন এক প্রতিবেদনে এইচআরডাব্লিউ একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তালেবান ও অন্যান্য জঙ্গি তৎপরতায় সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে প্রকাশিত এইচআরডাব্লিউর সর্বশেষ এই প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে, ‘দ্যা হিউম্যান কস্ট’। ওই প্রতিবেদনে বলা হয়, অবনতিশীল পরিস্থিতিতে আরও বেশি করে অসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে তালেবানরা।

সংস্থাটি আফগান তালেবানসহ অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধেও যুদ্ধপরাধের অভিযোগ তোলে। সংস্থার ‘সন্ত্রাস ও সন্ত্রাসবিরোধী’ শাখার পরিচালক জোয়ান মেরিনার এক বিবৃতিতে বলেন, ‘‘২০০৫ সাল থেকে আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলা নাটকীয়ভাবে বেড়েছে। গত বছর তালেবান ও অন্যান্য জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছে প্রায় ৭০০ অসামরিক নাগরিক। এই জঙ্গিরা সরাসরি এদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুদ্ধপরাধ করছে। এমনকী তারা সেনা ফাঁড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর সময়ও শেষ পর্যন্ত অসামরিক নাগরিকরাই এর শিকার হচ্ছেন বেশি।”

ন্যাটোর হিসেব মতে, এ বছর ইতোমধ্যেই জঙ্গি হামলায় নিহত হয়েছে কয়েকশ অসামরিক নাগরিক। অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচের হিসেব মতে, যৌথবাহিনীর হাতে মারা পড়েছে ৯০০ আফগান। আর ৩০০ থেকে ৪০০ আফগানেরই মৃত্যু হয়েছে তালেবান জঙ্গি হামলায়।

এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কুন্দুজ শহরে পুলিশের সদর দপ্তরের কাছে সোমবার হামলা হয়। পুলিশ সদস্যরা সে সময় শরীরচর্চায় ব্যস্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরের ঠিক পাশেই গভর্নরের অফিসের সামনে খোলা জায়গায় আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবান কমান্ডার হায়াতুল্লাহ খান। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তিনি বলেন, “এটি সফল হামলা এবং এ ধরনের আরও হামলা চালানো হবে।”

তিনি বলেন, “আমাদের সব আত্মঘাতী হামলাকারী আফগান এবং আফগানিস্তানের সব শহরেই হামলার জন্য প্রস্তুত। নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়বে তারা।”

আফগানিস্তান থেকে বিদেশি সেনা উৎখাতের জন্য লড়াই চালিয়ে আসছে তালেবানরা। সাম্প্রতিক সময়ে বিদেশি কিংবা সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর এটি বড় ধরনের হামলা। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানরা মাঝে মধ্যেই হামলা চালালেও অপেক্ষাকৃত শান্ত উত্তর পূর্বাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা ঘটে কম।