অত্যাধুনিক পরমাণু সাবমেরিন উদ্বোধন করলো রাশিয়া
নতুন প্রজন্মের পরমাণু সক্ষম অত্যাধুনিক সাবমেরিন উদ্বোধন করলো রাশিয়া। উত্তরাঞ্চলের আর্কটিক উপকূলীয় শহর সেভেরোদিনস্কে রোববার এ সাবমেরিন উদ্বোধন করেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সের্গেই ইভানভ। সমাজতান্ত্রিক শাসন পতনের পর গত ১৭ বছরে এটাই রাশিয়ার প্রথম এ ধরনের সামরিক যান উদ্বোধন।
রাশিয়ার সামরিক শিল্প খাতের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ইভানভ বলেন, “দারুণ একটা কাজ করেছি আমরা, আমাদের জাহাজনির্মাণ শিল্প যে এগিয়েছে এবং আমরা যে এমন চমৎকার সমরযান তৈরী করতে পারি এটি তারই প্রমাণ।”
ইভানভ বলেন, “ গত ১৭ বছরে এই প্রথম এ ধরনের যান চালু করলাম আমরা, একদিক থেকে এটি রাশিয়ার প্রথম কৌশলগত সাবমেরিন, রাশিয়ার নতুন প্রজন্মের সাবমেরিন।”
সমুদ্রতলে পরমাণু আঘাত হানতে সক্ষম ‘ইউরি দোলগোরোকি’ নামের এ নতুন সাবমেরিনটি রাশিয়ার পরমাণু সামর্থ্য বাড়ানোর কৌশলগত পরিকল্পনার অংশ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদিত পরিকল্পনা অনুসারে সমুদ্রতলের পরমাণু সক্ষমতা সম্পন্ন সামরিক বহর নবায়নের অংশ হিসেবেই এ সমরযান নির্মাণ করা হয়।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় সাবমেরিন বহরের ঘাঁটি সেভেরোদিনস্কের ড্রাইডকে কঠোর গোপনীয়তায় এ সাবমেরিনের উদ্বোধন করা হয়।
