পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে আরও কিছুদিন সময় দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের ফিরিয়ে নেওয়ার জন্য রোববার উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার ছয়জাতি চুক্তি অনুসারে ইয়ংবিয়ন স্থাপনা বন্ধের সময়সীমা পার হয়ে যাওয়ার পরদিনই এ আহ্বান জানালো মার্কিনিরা। একইসঙ্গে পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে আরও কিছুদিন সময় দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল।
ক্রিস্টোফার হিল রোববার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, “আমরা নমনীয় এবং যৌক্তিক আচরণ করছি। এখন তাদের কিছু করা দরকার।”
হিল বলেন, “পিয়ংইয়ংয়ের উচিৎ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের আমন্ত্রণ জানিয়ে উত্তর কোরিয়ায় ফিরিয়ে নিয়ে আসা।”
এদিকে উত্তর কোরিয়া বলেছে, তারা এখন যাচাই করে দেখবে যে, ম্যাকাওয়ের ব্যাংকে ১৮ মাস ধরে জব্দ করে রাখা ২ কোটি ৫০ লাখ ডলার অর্থ স্থানান্তরে তারা সফলভাবে কাজ করতে পারছেন কি না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এতোদিন ওই একাউন্ট স্থগিত করে রেখেছিল ম্যাকাও সরকার।
ফেব্রুয়ারি মাসে ছয় জাতি বৈঠকে স্বাক্ষরিত চুক্তি অনুসারে শনিবার ১৪ই এপ্রিল ছিল ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের কাজ শুরু করার শেষ দিন। কিন্তু ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ করা উত্তর কোরিয়ার অর্থ স্থানান্তরের জটিলতা নিয়ে অচলাবস্থার কারণে এ সময়সীমা মানতে রাজি হয়নি দেশটি।
