সময়সীমার মধ্যেই পরমাণু স্থাপনা বন্ধ করুন: উ কোরিয়াকে যুক্তরাষ্ট্র
পরমাণু কর্মসূচি বন্ধে চুক্তি অনুযায়ী শনিবারের নির্ধারিত সময়সীমার মধ্যেই তা মানতে উত্তর কোরিয়াকে তাগাদা দিলো যুক্তরাষ্ট্র।
ম্যাকাও ব্যাংকে উত্তর কোরিয়ার অর্থ জব্দ থাকার কারণে উত্তর কোরিয়া এতোদিন ইয়ংবেয়ন পরমাণু স্থাপনা বন্ধ করেনি। কিন্তু সম্প্রতি ম্যাকাও ব্যাংকের ওই একাউন্ট মুক্ত করে দেয়া হয়েছে। এবার প্রতিশ্রুতি অনুযায়ী, উত্তর কোরিয়া ইয়ংবেয়ন স্থাপনা বন্ধ করবে সেটিই যুক্তরাষ্ট্রের কাম্য। ওই স্থপনা বন্ধের চূড়ান্ত ময়সীমা শনিবার। কিন্তু এই সময়সীমা মানার কোনো লক্ষণ দেখাচ্ছে না উত্তর কোরিয়া।
১৩ ফেব্রুয়ারি সম্পাদিত বহুপাক্ষিক চুক্তি মোতাবেক, সোভিয়েত আমলের ইয়ংবেয়ন পরমাণু চুল্লি ৬০ দিনের মধ্যে উত্তর কোরিয়াকে বন্ধ করতে বলা হয়। সে হিসাবেই চূড়ান্ত দিন দাঁড়ায় শনিবার। ওয়াশিংটন বলছে, একাউন্ট মুক্ত হয়েছে। এখন উত্তর কোরিয়াকে সময়সীমা মেনেই কাজ করতে হবে।
এদিকে, উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, ম্যাকাও ব্যাঙ্কো ডেল্টা এশিয়ায় জব্দ প্রায় আড়াই কোটি মার্কিন ডলার তোলা যায় কিনা সে বিষয়ে তারা শিগগিরই খোঁজ খবর নেবে। একইসঙ্গে তারা বলেছে, দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ১৩ ফেব্রুয়ারির ছয়-জাতি আলোচনায় সম্পাদিত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির প্রতি তারা অঙ্গীকারাদ্ধ।
মার্কিন দূত ক্রিস্টোফার হিল শনিবার বলেন, সমস্যা সমাধানে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং শনিবার তার চীনা দূতের সঙ্গে আলাপ করার কথা। জাপানের সঙ্গেও তিনি শলা-পরামর্শ করবেন বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়াকে ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া’ উল্লেখ করে হিল বলেন, “ডিপিআরকের পক্ষ থেকেও আমরা একই পর্যায়ের প্রচেষ্টা দেখতে আগ্রহী-যেমনটি আমরা সচারচার দেখিনি।”
তিনি বলেন, “এটি বাস্তবায়ন করতে তাদেরকেও সমান আগ্রহ নিয়ে কাজ করতে হবে।” তবে শনিবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এরকম কোনো আগ্রহ দেখা যায়নি এবং নতুন কিছুও শোনা যায়নি বলে সাংবাদিকদের জানান তিনি। ফলে উত্তর কোরিয়া সময়সীমা মানবে কিনা সে বাপারে তিনি সংশয় প্রকাশ করেন।
