কারবালায় গাড়ীবোমা হামলায় নিহত ৫০, বাগদাদে সেতুর ওপর হামলা
ইরাকের পবিত্র নগরী কারবালার একটি বাস স্টেশনে শনিবার আত্মঘাতী গাড়ী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
এদিকে, বাগদাদ পুলিশ জানিয়েছে, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় ‘জাদ্রিয়াহ সেতু’তে আরেকটি আত্মঘাতী গাড়ী বোমা হামলায় ৮ জন নিহত হয়েছে। জ্বলে গেছে কয়েকটি গাড়ী। বাগদাদের সেতুতে এ নিয়ে ২য় দিনের মতো বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটল।
এর আগে বৃহস্পতিবার বাগদাদের উত্তরাঞ্চলে টাইগ্রীস নদীর ওপর সরফিয়া সেতুতে ট্রাকবোমা হামলায় সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরাকের পার্লামেন্টে হামলার পর এক বিশেষ অধিবেশনে নেতারা একতাবদ্ধ হওয়ার অঙ্গীকার করার পরপরই কারবালায় শনিবারের ওই হামলা হলো। বাগদাদের ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কারবালায় বোমা হামলার টেলিভিশন ফুটেজে আহতদের হাসপাতালে নেয়ার দৃশ্য দেখা গেছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।
পুলিশ নিহতের সংখ্যা ৫০ বলেছে। তবে, কারবালার আল হুসেইনি হাসপাতালের পরিচালক বলেছেন, ৪১ জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ৬০ জন।
ইমাম হোসেনের মাজার থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি ব্যস্ত মার্কেটের কাছে বাস স্টেশনে হামলা হয়। জায়গাটি শিয়াদের জন্য পবিত্রস্থান।
মার্কিন ও ইরাকি কর্মকর্তারা বাগদাদে ইতমধ্যেই জঙ্গি দমনাভিযান শুরু করেছেন। এ অভিযানের মধ্য দিয়ে ইরাক সরকার দেশকে গৃহযুদ্ধের দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে পারবে বলে আশা করা হচ্ছে।
যৌথবাহিনীর চালানো অভিযানে এ পর্যন্ত ইরাকে টার্গেট হত্যা কমানো গেছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু আত্মঘাতী এবং গাড়ীবোমা হামলা বন্ধ করা বেশ কঠিন বলেই মনে করছে যৌথবাহিনী।
