নেপালে জুনে নির্বাচন অসম্ভব: নির্বাচন কমিশন
নেপালের নির্বাচন কমিশন শুক্রবার বলেছে, জুনে গণপরিষদ নির্বাচনের জন্য খুব বেশি সময় হাতে নেই। অথচ এ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির জন্য আরো সময় প্রয়োজন।
নেপালের বহুদলীয় সরকার ও সাবেক মাওবাদী বিদ্রোহীরা কয়েক দশকের সহিংসতা বন্ধে গত নভেম্বরে শান্তিচুক্তি করেছে এবং জুনে নির্বাচন অনুষ্ঠানে রাজি হয়েছে। ফলে নির্বাচনটি নেপালের নতুন সংবিধান রচনা এবং দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাওবাদীরা চায় সংবিধানে তাদের দাবি পূরণ হোক। বিলুপ্ত হোক রাজতন্ত্র। নির্বাচন অনুষ্ঠানে দেরী হলে মাওবাদীরা দেশে মারাত্মক রাজনৈতিক সঙ্কট দেখা দেয়ার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে।
কিন্তু নির্বাচন কমিশন শুক্রবার জানায়, নেপালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো যথেষ্ট স্থিতিশীল নয়। তাছাড়া ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় আইন-কানুনগুলোও এখনো তৈরি হয়নি। সেকারণে নির্বাচন অনুষ্ঠানে এখনো অন্ততপক্ষে ১১০ দিন সময় প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন, জুনে নির্বাচন না হলে তা অক্টোবর-নভেম্বর নাগাদ পিছিয়ে যেতে পারে। ওই সময় বিরূপ আবহাওয়ার কারণে পার্বত্য অঞ্চলগুলো দুর্গম হয়ে উঠবে। আর তাই নির্বাচনে বিলম্ব চাইছেন না বিশ্লেষকদের কেউ কেউ।
