বাগদাদ পার্লামেন্টে হামলার দায় স্বীকার করল আল-কায়েদা সমর্থকরা
সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সমর্থনপুষ্ট গ্রুপ ‘মার্টায়ার্স ব্রিগেড’ বাগদাদ পার্লামেন্টে বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
হামলার একদিন পর শুক্রবার ‘মার্টায়ার্স ব্রিগেড’ তাদের ইসলামিক ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘‘মার্টায়ার্স ব্রিগেডের এক বীর ইরাকের তথাকথিত পার্লামেন্টে ঢুকতে সক্ষম হয়েছে। আর আল্লাহতায়ালাও তার মাধ্যমে পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছেন।’’
এদিকে, ইরাকের নেতারা বলেছেন, বোমা হামলার ঘটনা তাদেরকে আরো সুসংহত এবং একতাবদ্ধ করবে। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বিভিন্ন গোত্রের নেতারা পরস্পরকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা একযোগে হামলার ঘটনার নিন্দাও করেন।
ইরাকের উর্ধ্বতন এক সরকারি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের আগেই কর্তৃপক্ষ জঙ্গিদের পার্লমেন্টে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পেয়েছিলো। তবে কখন এ তথ্য পাওয়া গিয়েছিলো এবং সেটি কী ধরনের হুমকি ছিলো সে ব্যাপারে সূত্র বিস্তারিত কিছু জানায়নি।
পার্লামেন্ট ভবনের ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবারের হামলায় ৮ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। কিন্তু ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল করিম খালাফ নিহতের সংখ্যা আরও কম বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মাত্র ২ জন নিহত হয়েছেন ওই ঘটনায়। নিহতদের একজন নারী বলেও জানান তিনি।
অন্যদিকে, পার্লামেন্টের এক কর্মকর্তা বলেছেন নিহত দু’জনই ইরাকি এমপি।
আত্মঘাতী হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও কোন ধারণা পাওয়া যায়নি। তবে যে ক্যাফেটেরিয়ায় বিস্ফোরণ হয় সেখানকার তিন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এমপিদের খাওয়ার সময় ক্যাফেটেরিয়ায় ঢুকে পড়ে ওই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী এক হামলাকারী।
এদিকে, পার্লামেন্ট ভবনে এ হামলার ঘটনাকে বাগদাদের সুরক্ষায় মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থায় চরম আঘাত বলেই বিবেচনা করা হচ্ছে। হামলার ঘটনা তদন্ত করে দেখছে ইরাকি সরকার। পার্লামেন্টের বাইরের মূল নিরাপত্তা চৌকি পার হয়ে ভেতরের আরও কয়েকটি স্থানের তল্লাশি পার হয়ে পৌঁছাতে হয় ওই ক্যাফেটেরিয়ায়। ফলে পার্লামেন্ট ভবনে কর্মরত কারও সঙ্গে জঙ্গিদের যোগসাজশ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
পার্লামেন্টে সুন্নিদের রাজনৈতিক জোট ‘একোরডেন্স ফ্রন্টের’ এক সদস্য সালিম আবদুল্লাহ এমপি বলেন, “ওরা এখানেও পৌঁছে গেছে, তার মানে এ এলাকায় অন্যান্য প্রতিষ্ঠানেও হামলা চালাতে সক্ষম তারা।”
