২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ইন্দোনেশিয়ার দু’ ফ্লাইট ব্যাহত

ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ব্যাহত হয়েছে। গতিপথ পরিবর্তন করে জার্কার্তায় ফিরে যেতে হয়েছে সৌদি-আরবগামী দুটি বিমানকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা ও রিয়াদগামী গারুদার দুটি বিমান শ্রীলংকা-ভারতের আকাশসীমা থেকে জরুরী ভিত্তিতে জার্কার্তায় ফিরে যায়। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।

ইন্দোনেশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ানো লেগোউ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ঘটনার ব্যাখ্যা জানতে চাওয়া হবে ।

মুখপাত্র বলেন, এ ধরণের পরীক্ষার সময় সাধারণত আগে থেকেই আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাকে (আইএটিএ) এবং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনকে সুনির্দিষ্ট সতর্কতা জানানো হয়ে থাকে।

গারুদা এয়ারলাইন্সের কাউকে এ বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি। তবে ‘কমপাস’ পত্রিকাটি গারুদা এয়ারলাইন্সের ডিরেক্টর অফ অপারেশন্স আরি সাপারাই এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতের ক্ষেপাণাস্ত্র পরীক্ষা সম্পর্কে জানতো না বিমান সংস্থাটি।

সাপারাই বলেছেন, “আগে থেকে নোটিশ না দেয়ায় কলম্বোয় এবং ভারতের আকাশসীমায় প্রবেশের পর জাকার্তায় ফিরে আসতে হয় আমাদের বিমান দুটিকে।”

ভারতের পূর্ব-উপকূলের হুইলার দ্বীপ থেকে বৃহস্পতিবার দূরপাল্লার অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩০০০ কিলোমিটার।