২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পার্লামেন্টে আত্মঘাতী হামলা, ৩ সাংসদ নিহত

বাগদাদে ইরাকি পার্লামেন্টের ভেতরের একটি রেস্টুরেন্ট বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় ৩ সাংসদ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হামলার সময় রেস্টুরেন্টটিতে সাংসদরা দুপুরের খাবর খাচ্ছিলেন। এক ইরাকি কর্মকর্তা এবং সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ইরাকে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ পেলো ভয়াবহ এ হামলার মাধ্যমে। পার্লামেন্ট ভবন ছাড়াও এখানে অনেক সরকারি ভবন এবং মার্কিন দূতাবাস রয়েছে।

ইরাকি সংবাদ মাধ্যম জানিয়েছে, সুন্নি সাংসদ মোহাম্মেদ আওয়াদসহ তিনজন সাংসদ নিহত হয়েছেন।

আওয়াদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, আরেকজন সাংসদ নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তিনি মারা গেছেন।

ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, বেল্টে বিস্ফোরক বেঁধে হামলাকারী পার্লামেন্টে আত্মঘাতী বোমা হামলা চালায়।

ঘটনাস্থল থেকে পার্লামেন্টের এক কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানান, “রেস্টুরেন্টে বিকট বিস্ফোরণের শব্দ শুনে আমরা কী হচ্ছে তা দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি প্রচণ্ড ধোঁয়া বেরুচ্ছে। মেঝেতে পড়ে আছে লোকজন। রক্তের বন্যা বইছে।”

তিনি বলেন, ‘‘বিস্ফোরণে সাংসদ হতাহতের সংখ্যা সঠিক কত সে ব্যাপারে আমি কিছু জানি না’’।

বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এ অবস্থিত ইরাকের পার্লামেন্ট ভবন। গ্রিন জোনের চেকপয়েন্টগুলো ভেদ করে ইরাকি গেরিলারা খুব বেশি হামলা চালাতে পারে না। যদিও গেরিলারা বাইরে থেকে প্রায়ই এ এলাকায় মর্টার ও রকেট হামলা চালিয়ে আসছে।

রয়টার্সের একজন প্রত্যদর্শী জানান, বিস্ফোরণটি হয়েছে ক্যাফের ক্যাশিয়ারের রেজিস্টারের কাছে। ক্যাফেটির অবস্থান পার্লামেন্টের প্রধান অধিবেশন করে কাছে। বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশন ছিল।

হাতে সামান্য আঘাত পাওয়া রয়টার্সের প্রত্যদর্শী জানান, “সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, আমি আগুন দেখতে পেয়েছি। আহত হয়েছেন অনেকেই। জানালাগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে।”