জাপানকে সহযোগিতার আশ্বাস, তাইওয়ান সম্পর্কে সতর্কবাণী চীনের
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৈরি প্রতিবেশী দেশ জাপানকে সহযোগিতার আশ্বাস দেয়ার পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না দেয়ার ব্যাপারে টোকিওকে সতর্ক করে দিয়েছেন। সেইসঙ্গে ২য় বিশ্বযুদ্ধকালীন বর্বরতার জন্য জাপানকে ক্ষমা চাওয়ার নীতি অনুসরণ করারও আহ্বান জানান তিনি।
পাঠ্যবইয়ে ২য় বিশ্বযুদ্ধে ইতিহাস বিকৃতিসহ জাপানের প্রধানমন্ত্রীর বিতর্কিত ইয়াসুকুনি সমাধি পরিদর্শনসহ আরো কয়েকটি ইসু নিয়ে দু’ দেশের মধ্যকার বৈরি সম্পর্ক মেরামতের চেষ্টায় চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সম্প্রতি তিনদিনের সফরে টোকিও যান।
এ সফরেই ওয়েন জাপানের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়ে বলেন, ‘‘আমাদের সম্পর্কের উন্নয়ন এতোদিন নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে। কিন্তু আমাদের বন্ধুত্বের ভিত্তি পাহাড়ের মতোই অটল এবং মজবুত রয়েছে।”
তবে হাসিমুখে এ কথা বলার মাঝেই ওয়েন জাপানকে স্মরণ করিয়ে দিয়ে কড়া সুরে এও বলেন, ‘‘১৯৪৫ সাল থেকে চীনসহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে জাপানের দখলদারিত্বের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে চীন উদ্বিগ্ন। জাপানি আগ্রাসনে চীনের লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে’’। তিনি বলেন, ‘‘সেই দিনগুলোর জন্য জাপানের বিগত দিনগুলোর নেতাদের ক্ষমা প্রস্তাবের আলোকে টোকিও বাস্তবসম্মত পদক্ষেপ নেবে এটাই চীন আশা করে’’।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ইয়াসুকুনি সমাধি পরিদর্শনের কথা বক্তব্যে উল্লেখ না করলেও জাপান সফরের আগেই ওয়েন এক সাক্ষাৎকারে আবেকে ওই সমাধি পরিদর্শন না করার জোর দাবি জানান।
এদিকে, তাইওয়ানের স্বাধীনতাকামীদের প্রতি জাপানের সহমর্মিতার সমালোচনা করে ওয়েন এ ব্যাপারে জাপানকে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘‘চীন তাইওয়ান ইসুর শান্তিপূর্ণ সমাধানের প্রাণপন চেষ্টা করবে। কিন্তু তাইওয়ানের স্বাধীনতা সহ্য করবে না। চীনের এই সেন্টিমেন্ট বুঝে জাপান বিষয়টিতে বিচক্ষণ দৃষ্টিভঙ্গি পোষণ করবে বলেই বেইজিং আশা করে’’।
