২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক তহবিল নিয়ে বুশের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে রাজি ডেমোক্রেটরা

ইরাক তহবিল নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকে বসতে রাজি ডেমোক্রেট নেতারা। ইরাক যুদ্ধে ১০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় নিয়ে কবে, কখন ও কোথায় আলোচনা হবে সে ব্যাপারে বুধবার অচলবস্থা অবসানের পর বৈঠকের ওই সিদ্ধান্ত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 02:26 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুশ এর আগে নিজেই আগামী বুধবার ইরাক যুদ্ধ তহবিল নিয়ে হোয়াইট হাউজে আলোচনায় বসার জন্য সিনেট ও কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকান নেতাদের আমন্ত্রণ জানান। কিন্তু যুদ্ধ তহবিলের সঙ্গে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমার যে শর্ত ডেমোক্রেটরা জুড়ে দিয়েছেন তা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন বুশ।

আইন প্রণেতাদের সঙ্গে এ সপ্তায় ক্যাপিটল হিলে বৈঠক করার আমন্ত্রণ হোয়াইট হাউজ প্রত্যাখ্যান করার পর সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিড এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা আলোচনায় বসবেন।

বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য বুধবার আমরা হোয়াইট হাউজে থাকব। আমরা তার অবস্থান সম্পর্কে জানব। তবে পাল্টা আলোচনায় আমরা তার নীতি যে ইরাকে ব্যর্থ হয়েছে সে বিষয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে তার জানার এবং ইরাক নীতি পরিবর্তন করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করব।”

এর আগে রিডের কার্যালয় থেকে যুদ্ধ তহবিল নিয়ে ডেমোক্রেট নেতা এবং কয়েকজন রিপাবলিকান সিনেটরের সঙ্গে শুক্রবার ক্যাপিটল হিলে আলোচনায় বসার জন্য বুশকে আমান্ত্রণ জানানো হয়। ওই আমন্ত্রণ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

প্রেসিডেন্টকে লেখা আমন্ত্রণপত্রে তারা বলেন, “বৈঠকের জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার চেয়ে আমরা চাই এখনই আলোচনা শুরু হোক।”

তারা বলেন, “প্রেসিডেন্ট বুশের ইরাক নীতি এবং গত মাসের শেষ দিকে কংগ্রেস সমর্থিত নীতির মধ্যকার ব্যাবধান কমিয়ে আনার লক্ষ্যেই এই আলোচনা শুরু হওয়া দরকার।”

আমন্ত্রণপত্রটি পাঠানোর পর রিড সাংবাদিকদের বলেন, বুশের জন্য ক্যাপিটল হিল ভ্রমণ প্রাণবন্ত হতে পারে। তিনি বলেন, “কারণ আমি মনে করি রিচার্ড নিক্সনের মতো হোয়াইট হাউজে ইরাক ইসু নিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন প্রেসিডেন্ট।

কিন্তু সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে হোয়াইট হাউজ জানায়, আগামী সপ্তায় যেই আসুক না কেন তার সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে তাদের।

পেরিনো বলেন, “সেনাবাহিনীর তহবিল নিয়ে একটি স্বচ্ছ বিল উত্থাপনের জন্য প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ গতকাল কংগ্রেসের নেতাদের হোয়াইট হাউজে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “আগামী বুধবার প্রেসিডেন্টের বৈঠকে বসার কথা রয়েছে এবং কারা সে বৈঠকে অংশ নেয়, তিনি তাদের দিকেই চেয়ে আছেন।”

প্রতিনিধি পরিষদ এবং সিনেটে পাস হওয়া বিলগুলোতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন বুশ। যেসব বিলের মধ্যে রয়েছে সেনা তহবিল আবেদনের সঙ্গে জুড়ে দেওয়া ২০০৮ সালের পহেলা সেপ্টেম্বর থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমার বিষয়টিও।

ডেমোক্রেটরা বলছেন, ইরাক কৌশল পরিবর্তনের ম্যান্ডেট নিয়েই তারা গত নভেম্বরে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন।