২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাসবিরোধী আইন দিয়ে শ্রীলংকায় গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে সরকার’

সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে শ্রীলংকা সরকার। মানবাধিকার লঙ্ঘন, সরকারের দুর্নীতি এবং গৃহযুদ্ধ মোকাবেলায় সরকারের ভুমিকা নিয়ে যেসব গণমাধ্যম প্রশ্ন তুলছে, তাদের বিরুদ্ধেই বিশেষ আইন প্রয়োগ করে ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 02:22 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, গত মাসে স্ট্যান্ডার্ড নিউজপেপার লিমিটেড এর মালিকানাধীন পত্রিকা ‘মাওবিমা’র প্রকাশনা বন্ধ করে দেওয়া, প্রতিষ্ঠানটির সম্পত্তি জব্দ করা এবং তাদের এক কর্মকর্তাকে ফেব্রুয়ারি মাস থেকে আটক করে রাখা নিঃসন্দেহে ক্ষমতার অপব্যবহার।

এ গণমাধ্যম প্রতিষ্ঠানটি সিংহলী ও ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশ করতো। তামিল গেরিলাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী বিশেষ ক্ষমতা আইনের আওতায় এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় শ্রীলংকা সরকার।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের গবেষণা প্রধান স্যাম জারিফি বলেছেন, “গণমাধ্যমের কন্ঠরোধ করার জন্য সন্ত্রাসবিরোধী আইনকে ব্যবহার করছে সরকার। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গেই যেকোনো ধরনের সমালোচনার বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছেন তারা।”

শ্রীলংকায় সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের প্রচারমাধ্যমের ওপর সবসময়ই সরকারি চাপ ও বিধিনিষেধ থাকলেও সিংহলী ভাষার পত্রিকা ‘মাওবিমা’ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের মরিয়া মনোভাবের প্রকাশ ঘটেছে। মার্চ মাসের ২৯ তারিখে বন্ধ করে দেওয়া মাওবিমা পত্রিকাটিই শ্রীলংকায় সরকারি নিষেধাজ্ঞায় পড়া সিংহলী ভাষার প্রথম পত্রিকা।

মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব বৃহস্পতিবার এসব তথ্য ও মন্তব্য উপস্থাপন করা হয়।