২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সেনাদের মেয়াদ বাড়ছে: পেন্টাগন

ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের আরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে হবে। যুদ্ধরত সেনাদের বাড়তি ধকল বিবেচনা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। সেখানে মোতায়েন সেনাদের এখন এক বছরের পরিবর্তে ১৫ মাস থাকতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 12:38 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

প্রতিরক্ষমন্ত্রী গেটস বলেছেন, “আমি জানি যে আমাদের সেনারা যথেষ্ট ধকল পোহাচ্ছে, এ নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। আমি এটাও জানি, এ সিদ্ধান্তের ফলে সেনা ও তাদের পরিবার পরিজনদের মনে অনেক প্রশ্ন তৈরি হবে।”

গেটস বলেন, ইরাকে সেনা বাড়ানোর বিষয়টিকে স্থিতিশীল করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে আরও এক বছর কিংবা তারচেয়ে বেশি সময়ের জন্য ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনে প্রেসিডেন্ট জর্জ বুশের সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হতে পারে। বুশ জানুয়ারি মাসে ওই নির্দেশ দিয়েছিলেন।

একইসঙ্গে গেটস এটাও বলেন, এক বছর কিংবা তার চেয়ে কতো বেশি সময় অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজন হবে তা বলার সময় এখনও আসেনি।

সেনা মোতায়েনের এ কৌশলটিকে আগের চেয়ে আরও বেশি নিশ্চয়তামূলক বলে ব্যাখ্যা করেছেন গেটস। তিনি বলেন, এর ফলে সেনা মোতায়েন ও সেনাদের অবস্থানের মেয়াদ সম্পর্কে আগে থেকেই একটি স্পষ্ট ধারণা পাবেন সেনা ও তাদের পরিবারের মানুষরা।

তবে বুশ প্রশাসনের সমালোচকরা বলেছেন, এ সিদ্ধান্ত সেনাবাহিনী, সেনা ও সেনা পরিবারগুলোর প্রতি চরম আঘাত।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারপারসন ডেমোক্রেট নেতা আইক স্কেলটন বলেছেন, “ইতোমধ্যেই বিধ্বস্ত মার্কিন সেনাদের ওপর আরও নতুন ধকল চাপিয়ে দেবে এ সিদ্ধান্ত।”

স্কেলটন বলেন, শুধু যুদ্ধরত সেনাদের ওপরই নয়, এর প্রভাব পড়বে পুরো সেনাবাহিনীর ওপরই। এর ফলে কেউ সেনাবাহিনীতে যোগ দিতে চাইবে না, তাই সেনাবাহিনীর নতুন সদস্য বাছাই প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হবে।