পরমাণু বিবৃতি নিয়ে সন্দেহকে প্রত্যাখান করেছে ইরান
ইরান বাণিজ্যিকভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে কিনা সে বিষয়ের সন্দেহগুলোকে প্রত্যাখান করে দেশটির এক উর্ধ্বতন কর্মকর্তা বুধবার বলেছেন, তাদের কর্মসূচি নিয়ে সন্দেহ অতীতেও ভুল প্রমাণিত হয়েছে।
সরকার পরিচালিত টেলিভিশনের ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে ইরানের আণবিক জ্বালানি সংস্থার উপপ্রধান মোহাম্মাদ সাঈদী বলেন, “তারা হয়তো মনে করেছে বাণিজ্যিকভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের পর্যায়ে পৌঁছতে আমাদের আরও সময় লাগবে। তবে আমাদের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় আমরা ইতোমধ্যেই সে পর্যায়ে পৌঁছেছি।”
ইরান সোমবার ঘোষণা দেয় যে তারা ইউরেনিয়ামের শিল্প পর্যায়ের সমৃদ্ধকরণ শুরু করেছে। আণবিক বোমা তৈরি করার জন্য ইরান সমৃদ্ধকরণের এ প্রক্রিয়া চালাচ্ছে বলে উদ্বেগ পশ্চিমের।
ইরান আরও বলেছে, তিন হাজার সেন্ট্রিফিউজের যে ব্যাচটি তারা তৈরি করছে তাতে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানো হয়েছে।
পরীক্ষামূলক সমৃদ্ধকরণের যে কাজ ইরান করছিল তার চেয়ে এক ধাপ অগ্রগতি উল্লেখিত হয় সোমবারের ঘোষণায়।
তেহরান জোর দিয়ে বলে আসছে, বোমা তৈরির জন্য নয়, তাদের পরমাণু কর্মসূচি জ্বালানি তৈরির জন্য।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং ঊর্ধ্বতন পরমাণু কর্মকর্তাদের সোমবারের ঘোষণা ছিল সংক্ষিপ্ত এবং তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না কতটি নতুন সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো বিবৃতি। তাছাড়া বুধবার সাঈদীও সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া মঙ্গলবার বলেছে, ‘প্রযুক্তিগত কোনো সফলতার বিষয়ে অবগত নয়’ তারা। তাছাড়া ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কূটনীতিবিদরাও সন্দেহ ব্যক্ত করেছেন এবং বুধবার এ অনিশ্চয়তার বিষয়ে এক সুরে সুর মিলিয়েছেন জার্মানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
উপপররাষ্ট্রমন্ত্রী গারনট এরলার জার্মান রেডিওকে বলেন, “ইরানের সত্যিই তিন হাজার সেন্ট্রিফিউজ আছে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো আমরা এ বিষয়ে আরও তথ্য পাব, যেহেতু আইএইএর পরিদর্শকদের নাতাঞ্জ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।”
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দুই পরিদর্শক নাতাঞ্জ স্থাপনা দেখতে ইরানে এক সপ্তাহের নির্ধারিত সফর শুরু করেছেন। ইরান নাতাঞ্জ স্থাপনায় তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে আসছে। ওই স্থাপনা পরিদর্শন শেষে জাতিসংঘের দুই পরিদর্শক ইরানের অর্জন সম্পর্কে প্রথমবারের মতো ধারণা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এরলার বলেন, ঘোষণায় এ বিষয়টি নির্দেশ করা হয়েছে যে ইরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধ পরিকর, যা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোর জন্য ইরানের বিরুদ্ধে গত ডিসেম্বর থেকে দুই দফা অবরোধ আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এরলার বলেন, “নির্দেশনার বিষয়গুলোতে তারা কর্মসূচির একটি ধারাবাহিকতার দিকে ইঙ্গিত দিয়েছে। আর তাই যৌথ আন্তর্জাতিক চাপ অবশ্যই অব্যাহত রাখতে হবে।”
পশ্চিমাদের সন্দেহ ইরানের প্রধান পরমাণু আলোচক আলী লারিজানিও প্রত্যাখান করেছেন এবং বলেছেন, বিতর্ক অবসানের জন্যই আলোচনা চেয়েছিল ইরান।
লারিজানির বরাত দিয়ে ইরানের বার্তাসংস্থা মেহের জানিয়েছে, “আমরা সর্বদাই বলে আসছি যে আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করতে আমরা প্রস্তুত। আর ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান অগ্রগতি অন্য যেকোনো সময়ের চেয়ে তাদের জন্য ভাল ক্ষেত্র তৈরি করতে পারে।”
সাঈদী বলেন, “সেন্ট্রিফিউজগুলোর সফল স্থাপন নিয়ে গত বছরের মতো এবারও কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে। ১৬৪টি সেন্ট্রিফিউজ চেইনের সফল স্থাপন নিয়ে গত বছর আমরা যখন কথা বলেছি তখন সেখানে এক বা দুই মাস ধরে কিছু সন্দেহ ছিল। আর সে সন্দেহ কাটে পরিদর্শন এবং নমুনা সংগ্রহের পর আইএইএর এ স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে যে সফল হয়েছে ইরানের বিজ্ঞানীর।”
এক বছর আগে আহমাদিনেজাদের একই ধরনের ঘোষণার পর আইএইএ নিশ্চিত করেছিল যে ইরান প্রথমবারের মতো সক্ষম হয়েছে অল্প পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে।
পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইরান যদি চায় তবে তারা তিন হাজার সেন্ট্রিফিউজ দিয়ে এক বছরে একটি আণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত উপকরণ তৈরি করতে সক্ষম। তবে তার জন্য প্রয়োজন পড়বে নির্বিঘ্নভাবে যন্ত্রগুলোর চালু থাকা।
