২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষজ্ঞদের না জানিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় ইরানের সমালোচনায় রাশিয়া

ইরানের বুশেহর পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের না জানিয়েই সেখানে আকাশসীমা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় বুধবার তেহরানের সমালোচনা করেছে তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মস্কো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রাশিয়ার আণবিক সংস্থা রোসাটম এর মুখপাত্র সের্গেই নোভিকভ বলেন, আকাশপথের যেকোনো ধরনের হামলা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের ওই পরীক্ষা চালানো হয়েছে বুশেহরে। ৬ এপ্রিল সকাল ৫টায় ওই পরীক্ষা চালানো হয়। সেখানে প্রায় দুই হাজার রুশ নাগরিক কাজ করছেন। অথচ তাদের কিছুই জানানো হয়নি।

তিনি বলেন, “এই পরীক্ষা সম্পর্কে রুশ বিশেষজ্ঞদের সতর্ক করা হয়নি। তারা ঘুম থেকে জেগেছিল ক্ষেপণাস্ত্রের গর্জনে। আমাদের দৃষ্টিতে এটা অবশ্যই উদ্বেগের।”

বুশেহর হচ্ছে ইরানের প্রথম পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং রাশিয়ার সাহায্যে এখনও সেটির নির্মাণ কাজ চলছে। তাছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক অবরোধ নমনীয় করতেও রাশিয়ার ভূমিকা রয়েছে। যদিও বুশেহরের নির্মাণ কাজের অর্থ পেতে দেরি হওয়ায় ইরানের সঙ্গে এ বছরের প্রথম দিকে বিতর্ক জড়িয়ে পড়েছিল রাশিয়া।

ইরান তার সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ কয়েক দফা প্রতিরক্ষামূলক সামরিক মহড়া চালিয়েছে।

মার্চের শেষ দিকে শেষ হওয়া সর্বশেষ মহড়াগুলোর মধ্যে ছিল উত্তর ও মধ্য উপসাগরীয় অঞ্চলের নৌ মহড়া, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল উপসাগরীয় বন্দর নগরী বুশেহরের কাছের একটি এলাকা।

রাশিয়া বলছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তার উদ্বেগের কথা জানানোর জন্য তারা তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে।

এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল কামিনিন বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, “রাশিয়ার দূতাবাস তার উদ্বেগ প্রকাশ করেছে এবং ওই ধরনের পরিকল্পনার আগে বুশেহরে কর্তব্যরতদের অবহিত করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছে।”

বুশেহর পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার জন্য রাশিয়ার একটি আলোচক দল বর্তমানে তেহরান রয়েছেন।