যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা চায় রাশিয়া
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপের কৌশলগত দৃশ্যপটকে পাল্টে দেবে। তাছাড়া ইউরোপকে অন্য কারও কৌশলগত অঞ্চল হিসেবে ব্যবহার করার পক্ষে নয় রাশিয়া। তবে বিষয়টি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা বলেছেন।
মস্কোর অবস্থান নির্দেশ করে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রহণযোগ্য হিসাবে অভিহিত করেন ল্যভরভ। তিনি বলেন, এটা মৌলিকভাবেই ইউরোপের কৌশলগত দৃশ্যপটকে পাল্টে দেবে। বুধবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমস এ লেখা এক নিবন্ধে ল্যাভরভ একথা বলেছেন।
ওয়াশিংটনের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে ইউরোপে ইতোমধ্যেই এ বিতর্ক শুরু হয়েছে যে, আদৌ মহাদেশটির ওই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে কিনা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তার নিবন্ধে লিখেছেন, “এসব বিষয়ে যে কোনো আকারের এবং সব পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত রাশিয়া।”
তিনি বলেন, এই ইস্যুতে সলা-পরামর্শ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গত মাসে সম্পাদিত চুক্তিকেও স্বাগত জানায় মস্কো।
ল্যাভরভ বলেন, “ইউরো-আটলান্টিক অঞ্চলের সমস্যাগুলো সমাধানে ইইউ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ত্রিপক্ষীয় আকারের একটি সমন্বিত পদক্ষেপের পক্ষে আমরা। আর এ ধরনের পদক্ষেপ একটি সর্বসম্মত পন্থায় আটলান্টিকের উভয় পাড়ের বন্ধনকে শক্তিশালী করবে ।”
যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইরান ও উত্তর কোরিয়ার মতো “শয়তান রাষ্ট্রগুলোর” সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর লক্ষ্যে চেক রিপাবলিকে একটি রাডার স্টেশন এবং পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি প্রতিষ্ঠা করতে চায় তারা।
যদিও ওই ধরণের হামলার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন ল্যাভরভ।
সত্যিকার অর্থে ইউরোপের জন্য হুমকির মতো ক্ষেপণাস্ত্র কোনো “শয়তান রাষ্ট্রের” নেই উল্লেখ করে ওই নিবন্ধে তিনি বলেন, “আমরা বুঝতে পেরেছি যে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের জন্য ওই ধরনের কোনো হুমকি আজ এমনকি অদূর ভবিষ্যতেও নেই। আর যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা তো আরো কঠিন কাজ।”
তবে এ বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের ফলে চিহ্নিত হুমকিগুলো ভবিষ্যতে পূর্ণাঙ্গ হুমকিতে পরিণত হতে পারে ।
ল্যাভরভ বলেন, “মধ্যপ্রাচ্যের সত্যিকারের সমস্যাগুলো, ইরাক ও আফগানিস্তান সঙ্কট এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ইইউ, যক্তরাষ্ট্র ও রাশিয়ার ত্রিপক্ষীয় প্রচেষ্টা কি শুধু কল্পনাতেই থেকে যাবে? এগুলো সেই সমস্যা যা আমাদের মহাদেশের জন্য সত্যিকারের হুমকি।”
এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠিতব্য রাশিয়া-ন্যাটো কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি উপযোগী ফোরাম গঠনের কথা উল্লেখ করে হুমকির একটি যৌথ মূল্যায়ন করার পরামর্শ দেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনায় রাশিয়ার অবস্থান উল্লেখ করে নিবন্ধে ল্যাভরভ লিখেছেন, “অন্য কেউ তাদের নিজেদের কৌশলগত অঞ্চল হিসাবে ইউরোপ মহাদেশকে ব্যবহার করবে তা আমাদের এবং ইউরোপের আরও অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। একক কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রকল্প মৌলিকভাবেই পাল্টে দেবে মহাদেশটির ভৌগলিক-কৌশলগত দৃশ্যপটকে।”
