জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ সম্মেলনের ভাবছেন জাতিসংঘ মহাসচিব
জলবায়ু পরিবর্তন নিয়ে এ বছরের মধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ। সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের বৈঠকের সময়েই ওই বেঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকটি সফল হলে ২০০৯ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি বিশ্ব শীর্ষ সম্মেলনের আয়োজন করতে পারে সংস্থাটি।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেছেন। পত্রিকাটি বুধবার তার এ সাক্ষাতকার ছেপেছে।
বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন দেশের মন্ত্রী ও অন্যান্য শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করাই হবে বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময়েই ওই বৈঠকটি আয়োজন করা হতে পারে বলেও জানিয়েছেন মুন।
মুন বলেছেন, সাধারণ পরিষদের বৈঠকের সময়ে ওই উচ্চপর্যায়ের বৈঠকটি সফল হলে ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত বৈঠকের জন্য একটি পরিষ্কার নির্দেশনা দিতে পারবো আমরা। ওই সময় জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
তিনি আরও বলেছেন, সেপ্টেম্বরে ওই উচ্চপর্যায়ের বৈঠক সফল হলে একটি বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে পারবো আমরা। তবে এক্ষেত্রে একটি সমস্যা হল, যুক্তরাষ্ট্রসহ অন্য বড় দেশগুলো এ সম্মেলনে অংশ নেবে কিনা তা নিশ্চিত করা।
জার্মানির বনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সচিবালয়ের প্রধান ইয়ো দে বোয়ের গত মাসে বলেছিলেন, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন নিয়ে সরকারগুলোর আগ্রহ যাচাই করে দেখতে বিশেষ দূত পাঠানোর বিষয়ে সম্মত হয়েছেন জাতিসংঘ মহাসচিব।
