প্রতিশ্রুত সময়ে পরমাণু কর্মসূচি বন্ধ হচ্ছে না: উ কোরিয়া
প্রতিশ্রুত সময়ে পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারেছে না উ কোরিয়া। আগামী শনিবার থেকে দেশটির এ কর্মসূচি বন্ধ করার কথা ছিল। তবে শিগগিরই মূল পরমাণু স্থাপনা ইয়ংবিয়ন বন্ধের কাজ শুরু হবে বলে দেশটি জানায়। এনবিসি টিভির এক প্রতিবেদনে বুধবার একথা বলা হয়।
পিয়ংইয়ং সফররত মার্কিন গর্ভনর বিল রিচার্ডসনের সফরসঙ্গীদের উদ্ধৃত করে এনবিসি জানায়, উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ক প্রধান আলোচক কিম কায়ে-গোয়ান মঙ্গলবার এক নৈশভোজে রিচার্ডনকে একথা জানান।
কিম আরও জানান, এর আগে ২০০২ সালে বহিষ্কৃত জাতিসংঘের পরিদর্শকদের পিয়ংইয়ং এক মাসের মধ্যেই সেদেশ আমন্ত্রণ জানাবে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায়, ম্যাকাও তাদের ব্যাংকো ডেল্টা এশিয়ায় জব্দ করা উ কোরিয়ার আড়াই কোটি মার্কিন ডলার মুক্ত করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এর পাশাপাশি বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধের কাজ শুরু করতে পিয়ংইয়ংকে আহ্বান জানায়।
গত ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পক্ষগুলো উ কোরিয়ার সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি বন্ধে ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয় দেশটিকে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী শনিবার। উ কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনায় প্লুটোনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছিল যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরিতে সহায়ত করতো বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস।
