উষ্ণায়নের প্রভাবে দুর্যোগ কবলিত হবে এশিয়া
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বন্যা, খরা, দাবদাহ, খাদ্য ও পানি সঙ্কটসহ নানা দুযোর্গের কবলে পড়বে এশিয়া। দুর্যোগ এড়াতে এশিয়া জুড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটবে মানুষ। জাতিসংঘের জলবায়ু নিরীক্ষণ প্যানেলের চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌরি মঙ্গলবার এই সতর্কবাণী দিয়েছেন।
বিশ্ব উষ্ণায়নের প্রভাবের ওপর শুক্রবার জাতিসংঘের ‘ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-এর রিপোর্ট নিয়ে আলোচনাকালে পাচৌরি ওই সতর্কবাণী দেন। ২ হাজার ৫ শ’ বিজ্ঞানীর একটি দল এই রিপোর্ট তৈরির কাজ করেছেন।
রিপোর্টে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, বিষ্ণ উষ্ণায়নের প্রভাবে এশিয়ায় বৃষ্টিপাত কমে আসবে। ফলে কৃষিকাজ ব্যাহত হবে। দেখা দেবে খাদ্য ও পানি সঙ্কট। ফলে লোকজন ক্ষুধা-তৃষ্ণায় কাতর হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। ভারতের ‘এনার্জি এণ্ড রিসোর্স ইন্সটিটিউট’-এর প্রধান পাচৌরি বলেন, শীতকালে তাপমাত্রা অর্ধডিগ্রি সেলসিয়াস বাড়লেই প্রতি হেক্টর জমিতে গম উৎপাদন ০ দশমিক ৪৫ টন কমে আসবে। তিনি আরো বলেন, বর্তমানে ভারতে প্রতি হেক্টর জমিতে গড়ে ২ দশমিক ৬ টন গম চাষ হয়।
রিপোর্টে আরো বলা হয়, পানির জন্য হিমালয়ের হিন্দুকুশ পর্বত থেকে হিমবাহ গলার ওপর যে সমস্ত মানুষ নির্ভরশীল তারাও বিশ্ব উষ্ণায়নের ক্ষতির মুখে পড়বে। চীনের লোকজনও উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবের শিকার হবে।
পাচৌরি বলেন, ভারতের মতো দেশগুলো যেখানে ৭০ শতাংশ লোকই কৃষির ওপর নির্ভরশীল, সেখানে বিশ্ব উষ্ণায়নের ফল হবে মারাত্মক। কৃষি বিপর্যয়ের ফলে এসব দেশের জনাকীর্ণ নগর ও শহরগুলোতে বাড়বে দলে দলে গ্রাম ছেড়ে আসা মানুষের ভীড়। গ্রাম ছেড়ে শহরে ভীড় জমানো ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায়ও থাকবে না। ফলে শহর-নগরগুলোতে ভাসমান মানুষ এবং বস্তিবাসীর সংখ্যা বাড়বে।
রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রস্তর বেড়ে গিয়ে বন্যার তোড়ে ভেসে যাবে নিচু জমিতে বসবাসকারী লাখ লাখ লোকের ঘর-বাড়ী। ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত এবং চীনে এরকম বিপর্যয় ঘনিয়ে আসার সম্ভাবনা বেশি। বর্তমান সমুদ্রস্তর একবিংশ শতাব্দীর শেষ নাগাদ ৪০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে এশিয়ার বিভিন্ন উপকূলে বন্যা উপদ্রুত লোকজনের সংখ্যা ১৩ মিলিয়ন থেকে বেড়ে ৯৪ মিলিয়নে দাঁড়াতে পারে। পকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মিয়ানমার মিলিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষই এই বন্যার কবলে পড়বে।
