জাপানি বিনিয়োগ নিয়ে আস্থাশীল ইরাকি প্রধানমন্ত্রী
ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি মঙ্গলবার বলেছেন, তার বিশ্বাস জাপানের বড় কোম্পানিগুলো শিগগিরই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগ করতে ফিরে আসবে।
জাপানি সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে চারদিনের এক সফরে বর্তমানে টোকিও রয়েছেন মালিকি।
একজন দোভাষীর মাধ্যমে মালিকি সাংবাদিকদের বলেন, “আমরা প্রকল্পের জন্য ইরাকে প্রবেশ করতে জাপানের পক্ষ থেকে আমরা ব্যাপক আগ্রহ দেখতে পেয়েছি। আলাপ-আলোচনা এখনও চলছে।”
“জাপানের বড় বড় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা ইরাকের তেল ও অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী।”
ইরাক পুনর্গঠনে টোকিও সাহায্য অব্যাহত রাখবে-জাপানি নেতাদের এ ধরনের নিশ্চয়তা দেওয়ার একদিন পর মালিকি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, “জাপানের বড় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গেও আমরা আলোচনা করেছি। তারা ইরাকের তেল ও অন্যান্য ক্ষেত্রে কাজ করতে আগ্রহী।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এসব ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আমরা খুবই আশাবাদী।”
ইরাককে জাপানের অতিরিক্ত ১০ হাজার ২৮০ কোটি ইয়েন ঋণ সাহায্য দেওয়ার বিষয়ে সোমবার টোকিওতে দেশ দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চারটি প্রকল্পের জন্য ওই ঋণ দেওয়ার কথা। যা ইরাককে অঙ্গীকার কার জাপানের সর্বমোট ঋণ সাহায্যের অংশ।
এছাড়াও টোকিও বলেছে, ইরাকের পানি ও পয়ঃনিষ্কাষণ, জ্বালানি সরবরাহ এবং অন্যান্য স্থাপনা পুনঃপ্রতিষ্ঠায় অর্থায়নের জন্য তারা সর্বমোট ঋণের অংশ হিসাবে আরও ৫১ কোটি মার্কিন ডলার ঋণ দিতে প্রস্তুত।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান পরবর্তী চার বছরের যুদ্ধের পর বিশ্বের তৃতীয় বৃহৎ অশোধিত তেলের মজুদ থাকা দেশ ইরাক চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন করতে। আর জাপান তার প্রায় সব অশোধিত তেলের জন্য নির্ভরশীল মধ্যপ্রাচ্যের ওপর।
