২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খন্ডে মাওবাদীদের হাতে ৮ দলছুট বিদ্রোহী নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ দলছুট বিদ্রোহী নিহত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, তহবিল নিয়ে সংঘাতের জেরে দুপক্ষে এ লড়াই হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পুলিশ জানায়, ঝাড়খণ্ডে সোমবার রাতের ওই বন্দুকযদ্ধে আরো বেশ কয়েকজন বিদ্রোহী আহত হয়।

রাজ্যের রাজধানী রাচি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লাতিহার থেকে টেলিফোনে রয়টার্সকে সিনিয়র পুলিশ কর্মকর্তা সুখদেব ওরায়োন জানান, “কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। হতাহতের ঘটনা এড়ানোর জন্য আমরা গতরাতে বাইরে বের হইনি।”

ভারতের ২৯টি রাজ্যের মধ্যে যে ১৩টি রাজ্যে মাওবাদীদের দৌরাত্ম রয়েছে ঝাড়খণ্ড তার মধ্যে অন্যতম। মাওবাদীদের দাবি, তারা সংগ্রাম করছে দরিদ্র কৃষক ও ভূমিহীন কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে।

৪০ বছর আগে পূর্বাঞ্চলীয় নক্সালবাড়ি জেলা থেকে বিদ্রোহ শুরু করে মাওবাদীরা। ধারণা করা হয়, ভারতজুড়ে এখন প্রায় ২০ হাজার মাওবাদী যোদ্ধা রয়েছে।

গত বছর মাওবাদীদের প্রধান গ্রুপ থেকে প্রায় এক হাজার বিদ্রোহী বেরিয়ে যায়।

আদর্শ নিয়ে গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের কথা মাওবাদীরা বললেও বিশ্লেষকরা বলছেন, অর্থ তহবিল নিয়ে তাদের মধ্যে বিবাদ বেড়েছে।

ভারতের পূর্বাঞ্চলীয় মাওবাদী বিষয়ক বিশেষজ্ঞ ত্রিবেণী সিং বলেন, “আমরা হয়তো অদূর ভবিষ্যতে আরও বিভাজন দেখতে পাবো। কেননা তহবিল আত্মসাৎ নিয়ে তাদের মধ্যে শুরু হয়েছে একে অপরকে দোষারোপ করা।”

শনিবার রাজ্যের একটি শহরে মাওবাদী বিদ্রোহীরা গুলি করে হত্যা করে রাজ্য পুলিশের দুই সদস্যকে। এর এক মাস আগে মাওবাদীরা জমশেদপুর শহরে হত্যা করে ভারতের এক সাংসদকে।

তাছাড়া প্রতিবেশী ছত্তিশগড় রাজ্যে গত মাসে মাওবাদীরা হত্যা করেছে ৫৫ জন পুলিশ ও আদিবাসী বিদ্রোহী। যা ছিল কয়েক দশকের মধ্যে মাওবাদীদের চালানো অন্যতম হামলা।