২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শনে ২ জাতিসংঘ পর্যবেক্ষক

বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের ঘোষণা দেয়ার পরপরই মঙ্গলবার ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শনে গেছেন দুই জাতিসংঘ পর্যবেক্ষক। সপ্তাহব্যাপী এই পরিদর্শন কর্মসূচিতে পর্যবেক্ষকরা নাতাঞ্জ এর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প তদারক করবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে দুই পর্যবেক্ষকের উপস্থিতির খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘পর্যবেক্ষকরা নিয়মিত পরিদর্শনে এসেছেন’’। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের নাতাঞ্জসহ ঘোষিত অন্যান্য পরমাণু স্থাপনায় নিয়মিত পরিদর্শন করে থাকেন। যদিও গত বছর পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘে তোলার কারণে ইরান তাদের পরমাণু স্থাপনায় নিবিড় পরিদর্শনে পরিদর্শকদের গন্ডি বেঁধে দিয়েছে ।

পশ্চিমাদের আশঙ্কা, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণূ অস্ত্র বানাচ্ছে। তবে, ইরান তা বরাবরই নাকচ করে আসছে। তারা বলছে. বিদুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই তারা পরমাণু জ্বালানি ব্যবহার করছে।

সোমবার ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শনকালে বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানোর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রচেষ্টা আরেকটি ধাক্কা খেলো।

ইরানের এক কর্মকর্তা বলেছেন, তারা নাতাঞ্জে ইতমধ্যেই ৩ হাজার সেন্ট্রিফিউজে গ্যাস ভরার কাজ শুরু করেছেন। তবে ওই স্থাপনায় মোট কয়টি মেশিন আছে এবং কয়টাতে কাজ চলছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। কর্মকর্তা বলেন, ‘‘জাতিসংঘ পরিদর্শকরাই এই সঠিক হিসাব দেবেন।’’

ইউরেনিয়াম হেক্সোফ্লুরাইড গ্যাস সেন্টিফিউজে প্রক্রিয়াজাত হয়ে পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। ইউরেনিয়াম আরো বেশী সমৃদ্ধ করা হলে পরে তা দিয়ে বোমা বানানো সম্ভব।

ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, (আইএইএ) পরিদর্শকরা ইরানে এক সপ্তাহ থাকবেন।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো জোর দিয়ে বলেছে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করা পর্যন্ত তারা আলোচনায় বসবে না।

এদিকে, ইরানে পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মুত্তাকি মঙ্গলবার সফররত এক আফগান কর্মকর্তার সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আলোচনার জন্য শর্ত দেয়ার পর্যায় আমরা পার করে এসেছি। এখন অন্য পক্ষগুলোও নতুন বাস্তবতা উপলব্ধি করে সামনে এগুবে বলেই আমাদের বিশ্বাস। আমরা সবসময়ই বলেছি আমরা আলোচনার জন্য প্রস্তুত। যদি তাদের নতুন কিছু বলার থাকে তাহলে। তিনি

আরো বলেন, ‘‘কোনোরকম পূর্বশর্ত ছাড়া একটি সমাধানে পৌঁছার জন্য আমরা সবসময়ই আলোচনা করতে রাজি’’।