মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেছেন বুশ
ইরাক নিয়ে ডেমোক্রেটদের সঙ্গে প্রচণ্ড তর্কাতর্কিতে ব্যস্ত থাকার মাঝেই প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মার্কিন অভিবাসন আইন পরিবর্তনের সুযোগ খোঁজার লক্ষ্যে সোমবার দ্বিতীয়বারের মতো মেক্সিকো সীমান্তবর্তী ইউমা, অ্যারিজোনা পরিদর্শন করেছেন।
ইউমা সীমান্তে দাঁড়িয়ে বুশ সেখানকার নতুন দুই স্তরের সীমানা প্রাচীর পরিদর্শন করেন। বর্ডার প্যাট্রল কর্মকর্তারা বলছেন, এ সীমানা প্রাচীর অবৈধ অভিবাসী অনুপ্রবেশের হার কমিয়েছে।
কংগ্রেস নেতাদের সম্মতিতে প্রেসিডেন্ট বুশ আগস্টের মধ্যেই একটি অভিবাসন চুক্তি করতে চান। অবৈধ অভিবাসীদের অতিথি কর্মী কর্মসূচির আওতায় এনে তাদেরকে বৈধতা দেওয়ার পথ খোঁজার প্রস্তাব দিয়েছেন বুশ।
বুশের ওই প্রস্তাব রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটরাই বেশি সমর্থন করেছে। কিন্তু ডেমোক্রেটরা এ প্রস্তাবে বুশকে সহায়তা করবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের ব্যয় বরাদ্দ নিয়ে ডেমোক্রেটদের সঙ্গে তার সংঘাত চলছে। তাই অভিবাসন আইন পরিবর্তনের কারণ দেখাতে তিনি আগের অভিবাসন নীতিতে ব্যর্থতার কথাই বলবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে, গত সপ্তাহে রিপাবলিকান আইনপ্রণেতা ও বুশ প্রসাশনের কর্মকর্তাদের প্রস্তাবিত নতুন অভিবাসন আইন নিয়ে উদ্বিগ্ন অভিবাসীরা। বিরোধীদের ক্ষোভ প্রশমনই ওই আইনের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এতে কর্মরত অভিবাসীদের জন্য নতুন ‘জেড ভিসা’ চালুর পরিকল্পনা করা হয়েছে। এই ভিসার বদৌলতে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে তিন বছর কাজ করার অনুমতি পাবেন।
প্রতিবার এই ভিসা নবায়ন করতে অভিবাসীদের খরচ পড়বে সাড়ে তিন হাজার ডলার, স্বল্প আয়ের অভিবাসীদের জন্য এটি বেশ ব্যয়বহুল। তবে হোয়াইট হাউজ বলছে, ভিসার ধারণাটি নিয়ে এখনও রিপাবলিকান ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি।
কিন্তু এর আগেই শনিবার ওই পরিকল্পনার বিরুদ্ধে লস এঞ্জেলেসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তাদের দাবি, এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব দিতে হবে।
টেক্সাসের অবকাশ যাপন কেন্দ্রে ‘ইস্টার সানডে’র ছুটি কাটানোর পর বুশ সোমবার অভিবাসন সমস্যা সরেজমিনে দেখতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ইউমা ক্রসিংয়ে যান। গত বছর মে মাসের পর মেক্সিকো সীমান্তে এটি তার দ্বিতীয় সফর। এই সীমান্তেই অবৈধ অভিবাসী অনুপ্রবেশ সবচেয়ে বেশি। ফলে এখানে সীমান্ত নিরাপত্তা জোরদারও করেছেন বুশ।
