২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি থেকে পিছু হটবে না ইরান: আহমাদিনেজাদ

অন্য দেশগুলোর চাপ সত্ত্বেও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে পিছু হটবে না ইরান। ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় এক জনসমাবেশে একথা বলেন। তিনি বলেন, “ইরান মাথা নত করবে না এবং নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 11:38 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এর আগে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান গোলামরেজা আগাজাদেহ ঘোষণা করেন, “ইরান বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের নতুন যুগে প্রবেশ করেছে’’।

তেহরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অগ্রগতির এ সুস্পষ্ট ঘোষণায় ক্ষিপ্ত হয়ে উঠতে পারে পশ্চিমারা। কারণ, তাদের আশঙ্কা, আণবিক বোমা তৈরির জন্য গোপনে চেষ্টা চালাচ্ছে তেহরান।

আগাজাদেহ বলেন, “আজ আমরা বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু কর্মসূচির উৎপাদনের যুগে পদার্পনের আনন্দ উদযাপন করছি।”

ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। পাশাপাশি প্রত্যাখ্যান করে আসছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে জাতিসংঘের আহ্বানকে।

যদিও কোনো পূর্বশর্ত ছাড়া খোলামেলা আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান।

অন্যদিকে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলছে, ইরানের পরিকল্পনা সম্পর্কে তাদের পুরো জ্ঞান নেই। আর তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ তা বলার আগে সংস্থাকে সে সম্পর্কে পুরোপুরি জানতে হবে।

ইরানের পরমাণু কর্মসূচি তদারকের জন্য নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ভূগর্ভস্থ সেকশনে ক্যামেরা বসাতে দিতে তেহরানকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইএইএ। আর ইরান বলছে, ওই ধরনের অনধিকারমূলক নজরদারি আইএইএর মৌলিক নিরাপত্তা অঙ্গীকারের পরিপন্থী।

এদিকে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী লারিজানি বলেছেন, পরমাণু কর্মসূচি ইস্যুতে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিরোধ মেটানোর চেষ্টায় পশ্চিমাদের সঙ্গে আন্তরিক আলোচনায় বসতে রাজি ইরান।

ইরানের ‘মেহের’ বার্তা সংস্থায় লারিজানির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘‘আজ ইরানের পরমাণু জ্বালানি তৈরির প্রক্রিয়া শেষ। এখন আমরা সমঝোতায় উপনীত হওয়ার জন্য প্রকৃত আলোচনা শুরু করতে পারি।”

তিনি আরও বলেন, ‘‘আমরা পশ্চিমাদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি চুক্তিবদ্ধ হতেও প্রস্তুত। কারণ, আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের আশঙ্কা এবং উদ্বেগ দূর করতে চাই। কিন্তু তাই বলে আমরা বৈজ্ঞানিক অগ্রযাত্রার অবসান ঘটাবো না।”

পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের চেষ্টায় গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে শুরু হওয়া আলোচনা ইরানের অসহযোগিতার কারণে ভেস্তে যায়। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় আলোচনা আর এগোয়নি।

পশ্চিমাদের ধারণা, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। গত রোববারও ইরান বলেছে, তাদের পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় নেই-একথা নিশ্চিত করতে তারা খোলা মনে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু পরমাণু জ্বালানি তৈরির অধিকার নিয়ে তারা কোনো আলোচনায় বসবে না।

পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়ে ইতোমধ্যে দুপক্ষে কিছু প্রাথমিক আলোচনা হয়েছে। ইরানের কর্মকর্তারাও কয়েকবারই বলেছেন, তারা কোনোরকম পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু ইরান জাতিসংঘের দাবি অমান্য করায় তাদের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। তারপরও তেহরান বলেছে, এ পদক্ষেপ তাদেরকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে টলাতে পারবে না।