বিরোধ মেটাতে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় রাজি ইরান
পরমাণু কর্মসূচি ইস্যুতে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিরোধ মেটানোর চেষ্টায় পশ্চিমাদের সঙ্গে আন্তরিক আলোচনায় বসতে রাজি ইরান। ইরানের প্রধান পরমাণু আলোচক আলী লারিজানি সোমবার একথা বলেছেন।
ইরানের ‘মেহের’ বার্তা সংস্থায় লারিজানির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘‘আজ ইরানের পরমাণু জ্বালানি তৈরির প্রক্রিয়া শেষ। এখন আমরা সমঝোতায় উপনীত হওয়ার জন্য প্রকৃত আলোচনা শুরু করতে পারি।”
তিনি আরও বলেন, ‘‘আমরা পশ্চিমাদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি চুক্তিবদ্ধ হতেও প্রস্তুত। কারণ, আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের আশঙ্কা এবং উদ্বেগ দূর করতে চাই। কিন্তু তাই বলে আমরা বৈজ্ঞানিক অগ্রযাত্রার অবসান ঘটাবো না।”
পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের চেষ্টায় গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে শুরু হওয়া আলোচনা ইরানের অসহযোগিতার কারণে ভেস্তে যায়। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় আলোচনা আর এগোয়নি। ইরান জাতিসংঘের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবিও প্রত্যাখ্যান করেছে।
পশ্চিমাদের ধারণা, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। গত রোববারও ইরান বলেছে, তাদের পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় নেই-একথা নিশ্চিত করতে তারা খোলা মনে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু পরমাণু জ্বালানি তৈরির অধিকার নিয়ে তারা কোনো আলোচনায় বসবে না।
পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়ে ইতোমধ্যে দুপক্ষে কিছু প্রাথমিক আলোচনা হয়েছে। ইরানের কর্মকর্তারাও কয়েকবারই বলেছেন, তারা কোনোরকম পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু ইরান জাতিসংঘের দাবি অমান্য করায় তাদের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। তারপরও তেহরান বলেছে, এ পদক্ষেপ তাদেরকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে টলাতে পারবে না।
