মার্কিন দখলদারিত্বের চার বছর পূর্তিতে বাগদাদে সান্ধ্য আইন, নাজাফে বিক্ষোভ
মার্কিন সেনাদের হাতে পতনের চার বছর পূর্তিতে সোমবার বাগদাদে সান্ধ্য আইন জারি করা হয়েছে। এদিকে শিয়া ধর্মগুরু মুকতাদা আল সদরের আহ্বানে দক্ষিণের পবিত্র নগরী নাজাফে বিক্ষোভে শামিল হয়েছেন হাজারও ইরাকি।
চার বছর আগে এই দিনে মার্কিন সেনাদের সহায়তায় ইরাকিরা বাগদাদের কেন্দ্রস্থলে ফেরদৌস স্কোয়ার থেকে সাদ্দাম হোসেনের ২০ ফুট উচ্চতার একটি মূর্তি ভেঙে ফেলে।
বাগদাদ পতনের বর্ষপূর্তিতে গাড়িবোমা হামলাকারীদের ঠেকাতে সেখানে সোমবার ভোর ৫টা থেকে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বাগদাদের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে কয়েক হাজার ইরাকি ও মার্কিন সেনা।
ইরাক-মার্কিন যোৗথবাহিনীর বাগদাদ অভিযানের মুখপাত্র ব্রিগেডিয়ার কাসিম মুসাভি বলেছেন, সোমবার বাগদাদে ২৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
তিনি বলেন, “চার বছর পুর্তি উপলক্ষে বিক্ষোভ হবে। সন্ত্রাসীরা কিছু করার জন্য কোনো সুযোগ পাক আমরা তা চাই না।”
২০০৩ সালে ইরাক ও আমেরিকার সেনারা ইরাকে অভিযান শুরু করার পর থেকেই সুন্নি বিচ্ছিন্নতাবাদীরা তাদের বিরোধিতা করছে। তখন থেকে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়াদের সঙ্গে সুন্নিদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
ইরাকে ক্রমবর্ধমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে মুকতাদা আল সদর রোববার তার দেশবাসীকে এ বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেন।
তার আহ্বানে সাড়া দিয়ে ‘না, না আমেরিকা, আর হ্যাঁ, হ্যাঁ মুকতাদা’ স্লোগান দিয়ে হাজার হাজার ইরাকি পতাকা উড়িয়ে বিক্ষোভে শামিল হন।
সদর ২০০৪ সালে দুবার মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর পর ইরাকের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। শিয়া প্রধানমন্ত্রী নুরী আল মালিকির নেতৃত্বাধীন সরকারে তার দলের এক-চতুর্থাংশ আসন রয়েছে।
গত কয়েক মাস ধরে আত্মগোপনে থাকা সদর তার অনুসারীদের উদ্দেশে বলেন, “দখলদারিত্বের অবসান ঘটাতে হলে বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, মেহদী সেনাদলের প্রধান জনপ্রিয় এ শিয়া নেতা এখন প্রতিবেশী দেশ ইরানে আছেন। তবে তার ঘনিষ্ঠজনরা বলেছেন, সদর ইরাকেই আছেন। গ্রেপ্তার এড়াতে সদরের ইরানে চলে যাওয়ার কথা স্বীকার করেননি তারা।
সদর এর ডাকে সাড়া দিতে হাজারো শিয়া বাসে বা নিজস্ব গাড়িতে চড়ে এখন নাজাফে আসছেন। ইরাকি পতাকা হাতে নিয়ে আর মুখে মার্কিনবিরোধী স্লোগান দিয়ে যাত্রীরা এখন পাড়ি দিচ্ছেন বাগদাদ-নাজাফ মহাসড়ক।
ইরাক ও মার্কিন সেনারা দিওয়ানিয়া শহর মেহদী সেনাদের নিয়ন্ত্রণমুক্ত করতে শুক্রবার থেকে জঙ্গিদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। পেন্টাগন বলছে, ইরাকে শান্তির জন্য বড় হুমকি এরা।
গত বছরে ১০ হাজার ইরাকি নিহত হয়েছে। ইরাক অভিযানকালে তিন হাজার ২৭০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।
রোববার একটি গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া শহরে ১৭ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আত্মঘাতী গাড়িবোমা হামলায় বাগদাদে নিহত হয়েছেন সাতজন।
