২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে চলমান সহিংসতায় পোপের দু:খ প্রকাশ, শান্তি প্রতিষ্ঠার আহ্বান

ইস্টার সানডের প্রর্থনা অনুষ্ঠানে পোপ ষোড়শ বেনেডিক্ট রোববার বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সমস্যায় গভীর দুঃখ প্রকাশ করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সেন্ট পিটার’স বার্গ স্কয়ারে ইস্টার সানডের অনুষ্ঠানে সমবেত হাজার হাজার লোকের সামনে ভাষণদানকালে পোপ ইরাক ও আফগানিস্তানের চলমান সহিংসতায় গভীর দু:খ প্রকাশ করে বিশ্বশান্তি স্থাপনের আহ্বান জানান। ভাষণটি গোটা বিশ্বের মানুষের জন্য টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ধর্মকে ব্যবহার করে বর্তমান বিশ্বে যে সন্ত্রাস চলছে, পোপ তার নিন্দা জানান । তিনি বলেন, “আসুন আমরা সবাই শান্তি প্রতিষ্ঠার ব্রত নেই।”

ভাষণে পোপ আরো বলেন, লেবাননের রাজনৈতিক স্থবিরতার কারণে মধ্যপ্রাচ্যর ভবিষ্যত ঝুঁকির মুখে রয়েছে। সেখানে সরকার হিজবুল্লাহদের চ্যালেঞ্জের সম্মুখীন। তবে “ফিলিস্তিনি ও ইসরাইল কর্তৃপক্ষের মধ্যকার আলোচনায় কিছু আশার লক্ষণ দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।”

আফ্রিকা কথা প্রসঙ্গে পোপ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সহিংসতা ও লুটপাটের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বলেন, সোমালিয়ায় নতুন করে শুরু হওয়া সংঘর্ষ আফ্রিকার আঞ্চলিক সমস্যা আরো ঘনীভূত করেছে।

দারফুর পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, “দারফুর এবং প্রতিবেশী দেশগুলোতে সৃষ্টি হয়েছে বিপর্যয়। আর দুঃখের সঙ্গে বলতে হয়, খাটো করে দেখা হয়েছে সেখানকার মানবিক পরিস্থিতিকে।”

এর আগে শনিবার রাতে শয়তান কিংবা মৃত্যুকে ভয় না করে বরং তা জয় করা এবং বিশ্বের সমস্ত অশুভ শক্তি দূর করার আহ্বান জানান ৭৯ বছর বয়স্ক পোপ ষোড়শ বেনেডিক্ট।

সেন্ট পিটার’স স্কয়ারে রোববারের প্রধান ইস্টার প্রার্থনাসভার আগে সেন্ট পিটার’স ব্যাসিলিকায় এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সর্বশেষ অনুষ্ঠানে সভাপতিত্বকালে পোপ ওই আহ্বান জানান। সপ্তাব্যাপী অনুষ্ঠানমালায় স্মরণ করা হয় যিশু খ্রিস্টের ভোগান্তি, মৃত্যু ও পুনরুজ্জীবন। চিহ্নিত করা হয় খ্রিস্ট্রন ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে।

পোপ বলেন, ‘‘যিশু খ্রিস্টের পুনরুজ্জীবন অন্ধকার মুহুর্তে মানব জাতিকে আশা দিয়েছে’’। তিনি আরো বলেন, ‘‘যিশুর পুনরুজ্জীবনের মধ্যে মৃত্যু ও শয়তানের চেয়ে বেশি শক্তিশালী হিসাবে দেখানো হয়েছে ভালবাসাকে।”পোপ বলেন, তার প্রার্থনা, ‘‘ঈশ্বর বিপথগামীদে আলোর পথে আনবেন’’।

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় গির্জার হলরুমে অনুষ্ঠিত প্রার্থনাসভার শুরুতে পোপ একটি বড় মোমবাতির গায়ে আঁকেন গ্রিক বর্ণমালা আলফা এবং ওমেগা।

অন্ধকার গির্জায় লাইট জ্বালানোর আগে সভায় উপস্থিত পূণ্যার্থীরা হাজার হাজার মোমবাতি জ্বালালে মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়। যিশুর মৃত্যুর পর পৃথিবীর অন্ধকার এবং ইস্টার পুনরুজ্জীবনের আলোক প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে পোপ গির্জার নতুন আট সদস্যের নাম ঘোষণা করেন এবং ছয়জন প্রাপ্তবয়স্ককে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাসহ দুই শিশুর নাম রাখেন। খিস্ট্রধর্মে দীক্ষিত হন, চীন, কিউবা, ক্যামেরুন, জাপান ও ইতালির নাগরিকরা।

প্রাপ্তবয়স্কদের সবাই নারী। নারীদের নির্বাচন করার পেছনে রয়েছে ‘গুড ফ্রইডে’র অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে নারীদের উপর বিশেষ গুরুত্বরোপ, গির্জায় তাদের ঐতিহাসিক ভূমিকা এবং সমাজে যে নির্যাতন তারা ভোগ করে তার ওপর বারবার আলোকপাত করা হয়।

শনিবারের গির্জার অনুষ্ঠানে অংশ নিয়েছেন ১০ হাজারের বেশি লোক এবং সে অনুষ্ঠান ৪০টি দেশের টেলিভিশন স্টেশনের মাধ্যমে সম্প্রচার করা হয়।

পোপের প্রধান ইস্টার অনুষ্ঠান হয় রোবাবার। যে অনুষ্ঠানে পোপ ভ্যাটিকান ও বিশ্বর জন্য তার দ্বিবার্ষিক আশীর্বাদ ও বার্তা দেন।