কাস্ত্রোবিরোধী পলাতক কিউবানকে জামিন দিয়েছে মার্কিন আদালত
কিউবা থেকে পালিয়ে আসা সিআইএ চর লুইস পোসাদা করিলেসকে অভিবাসন সংশ্লিষ্ট প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় বিচার শুরু না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। অবশ্য সরকার পক্ষের আইনজীবীদের অনুরোধে তাকে হাজতেই রাখা হয়েছে।
বিচারক ক্যাথলিন কার্ডন তার লিখিত আদেশে বলেন, ‘বিতর্কিত অতীত ইতিহাস’ থাকলেও ৭৯ বছর বয়স্ক পোসাদা করিলেস এখন আর বিপজ্জনক নন। কারণ তিনি, ‘বৃদ্ধ, দুর্বল এবং নির্বাসিত কিউবানদের মধ্যে ভীষণ জনপ্রিয়।’
পোসাদা করিলেসকে সাড়ে তিন লাখ ডলারে জামিন দেওয়া হলেও তাকে সর্বক্ষণ একটি ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরে থাকতে হবে। এ অবস্থান তিনি মায়ামিতে তার স্ত্রীর সঙ্গে গৃহবন্দী অবস্থায় থাকবেন।
সরকার পক্ষের আইনজীবীদের উচ্চ আদালতে করা আপিলের কারণে তাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। তবে পোসাদা করিলেসের কৌঁসুলী ফিলিপ মিলান আগামী সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন।
পোসাদা করিলেস ১৯৬২ সালে ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে বে অফ পিগস এর ব্যর্থ অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭৬ সালে কিউবান এয়ারলাইন্সে এক হামলার পরিকল্পনার অভিযোগে তিনি কিউবা ও ভেনেজুয়েলায় ফেরারি ছিলেন। ওই হামলায় ৭৩ জন নিহত হন। এছাড়াও ১৯৯৭ সালে হাভানাতে পর্যটকদের ওপর বোমা হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তার আশ্রয় আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৫ সাল থেকে তাকে যুক্তরাষ্ট্রের এল পাসো জেলে রাখা হয়।
যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে মামলা করলেও তাকে দেশে ফেরত পাঠাতে ইচ্ছুক নয়। কারণ, কিউবা অথবা ভেনেজুয়েলায় তার যথাযথ বিচার না পাওয়ার এবং নিহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।
নির্বাসিত কিউবানদের মধ্যে পোসাদা করিলেসের ‘বীর’ ভাবমূর্তি থাকলেও বুশ প্রশাসনের জন্য তিনি একটি ‘রাজনৈতিক সমস্যা’। কারণ, প্রতিদ্বন্দ্বীদের কাছে তার অতীত কার্যকলাপ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত।
যুক্তরাষ্ট্র সরকার তাকে অন্য কোনো দেশে ফেরত পাঠাতে চাইলেও কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি। অভিবাসন সম্পর্কিত প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সাত দফা অভিযোগ আনা হয় এবং ১১ মে এল পাসোতে এই মামলার বিচার শুরু হচ্ছে।
