কিয়োতোত্তর আলোচনায় অংশ নেবে চীন
বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ২০১২ সালের মধ্যেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কমিয়ে আনার লক্ষ্যে একটি কাঠামো তৈরির আলোচনায় অংশগ্রহণ করবে। দৈনিক ইয়োমিউরি শিমবুন শনিবার এ খবর জানিয়েছে।
শুক্রবার আবহাওয়া বিশেষজ্ঞরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পরিণাম নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি আশংকা প্রকাশ করেছেন। তাদের মতে, জ্বালানি হিসেবে খনিজ তেলের ব্যবহার এর জন্য দায়ি। চীন এখনও জাতিসংঘের কিয়োতো চুক্তি অনুমোদন করেনি। এই চুক্তিতে ২০১২ সালের মধেই গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নির্দিষ্ট মাত্রার নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
দৈনিক ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও আগামী বুধবার তার জাপান সফরের সময় কিয়োতোত্তর কাঠামো তৈরির আলোচনায় চীনের অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিতে পারেন।
দৈনিকটি আরও জানায়, এর সঙ্গেই চীনকে শক্তিসাশ্রয়ী প্রযুক্তি দিয়ে তাদের সহায়তার ঘোষণা জানাবে জাপান।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে বলছেন, কিয়োতো পরবর্তী যৌথ সিদ্ধান্তের সফল বাস্তবায়নের জন্য প্রধান প্রধান গ্রিনহাউস নিঃসরণকারী দেশ যেমন চীন, ভারত, যুক্তরাষ্ট্রকে আলোচনায় অংশ নিতে হবে।
চীন সম্ভবত আগামী এক বছরেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশে পরিণত হতে পারে। এ মাসের শেষের দিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার নিজস্ব পরিকল্পনার কথা প্রকাশ করবে চীন। মার্চে উচ্চপদস্থ একজন আবহাওয়া কর্মকর্তা বলেছিলেন, এই পরিকল্পনায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার সিদ্ধান্ত থাকবে। তবে কোনো জাতীয় লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সেই কর্মকর্তা।
চীন দীর্ঘদিন তাদের দ্রুত বাড়তে থাকা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের আহ্বানের বিরোধিতা করছিল। দেশটির মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য শিল্পোন্নত দেশগুলোর খনিজ তেল ব্যবহারই দায়ি। চীনের সেই একই মাপের সমৃদ্ধি সন্ধানের অধিকার আছে।
